tanaka
প্রচ্ছদসারাদেশপঞ্চগড় সীমান্তে ৭ জনকে পুশইনের চেষ্টা, বিজিবির বাধায় ব্যর্থ বিএসএফ

পঞ্চগড় সীমান্তে ৭ জনকে পুশইনের চেষ্টা, বিজিবির বাধায় ব্যর্থ বিএসএফ

পঞ্চগড়ের বোদা উপজেলার বড়শশী ইউনিয়নের মালকাডাঙ্গা সীমান্ত দিয়ে সাতজনকে বাংলাদেশে পুশইনের চেষ্টা করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। তবে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)-এর কঠোর প্রতিরোধের মুখে শেষ পর্যন্ত তাদের ভারতে ফিরিয়ে নিতে বাধ্য হয়েছে বিএসএফ।

মঙ্গলবার (৬ অক্টোবর) দিবাগত রাতে মালকাডাঙ্গা সীমান্তে এ ঘটনা ঘটে। পুশইনের জন্য নিয়ে আসা সাতজনের মধ্যে ছয়জন পুরুষ ও একজন নারী ছিলেন।

সীমান্তে পুশইনের চেষ্টা ব্যর্থ হলে বিএসএফ ওই সাতজনকে ভারতের অভ্যন্তরে ফিরিয়ে নিয়ে যায়। এর আগে সীমান্তের বিভিন্ন স্থান দিয়েও তাদের বাংলাদেশে পাঠানোর চেষ্টা করা হয়েছিল বলে জানা গেছে।

নীলফামারী-৫৬ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল সরকার আসিফ মাহমুদ বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি বলেন, সীমান্তে বিজিবির কঠোর অবস্থানের কারণে বিএসএফ পুশইনে ব্যর্থ হয়েছে। সীমান্তে চোরাচালান, অবৈধ অনুপ্রবেশ, পুশইনসহ সব ধরনের অপরাধ প্রতিরোধে বিজিবি কঠোর সতর্ক অবস্থানে রয়েছে।

বিজিবি জানিয়েছে, সীমান্তের নিরাপত্তা নিশ্চিত করতে এবং যেকোনো ধরনের অবৈধ কর্মকাণ্ড প্রতিরোধে সদস্যদের সতর্ক অবস্থান অব্যাহত রয়েছে।