পঞ্চগড় আধুনিক সদর হাসপাতালের চিকিৎসাসেবার মানোন্নয়ন, জনবল ও অবকাঠামোগত সংকট দূর করতে রাজনৈতিক মতপার্থক্য ভুলে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানিয়েছেন পানি সম্পদ প্রতিমন্ত্রী ও পঞ্চগড় সরকারি হাসপাতাল ব্যবস্থাপনা কমিটির সভাপতি ফরহাদ হোসেন আজাদ।
একই সঙ্গে হাসপাতালকে ঘিরে কোনো ধরনের সিন্ডিকেট সক্রিয় থাকলে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি দিয়েছেন তিনি।
শনিবার (১৫ আগস্ট) দুপুরে পঞ্চগড় আধুনিক সদর হাসপাতালের ব্যবস্থাপনা কমিটি ও বিভিন্ন অংশীজনকে নিয়ে আয়োজিত মতবিনিময় সভায় এসব কথা বলেন তিনি।
সভায় বক্তারা হাসপাতালের বিভিন্ন সংকট তুলে ধরেন। তারা জানান, পুরোনো ভবনের পরিবর্তে নতুন অবকাঠামো নির্মাণ করা হলেও সেটিকে এখনো পূর্ণাঙ্গ চিকিৎসাসেবা দেওয়ার উপযোগী করে গড়ে তোলা সম্ভব হয়নি। প্রয়োজনীয় চিকিৎসক, আধুনিক চিকিৎসা সরঞ্জাম ও অন্যান্য সুযোগ-সুবিধার ঘাটতির কারণে অনেক রোগীকে উন্নত চিকিৎসার জন্য অন্যত্র যেতে হচ্ছে।
পানি সম্পদ প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ বলেন, সরকারি হাসপাতাল কোনো ব্যক্তি বা সাংগঠনিক উদ্যোগের অর্থে পরিচালিত হতে পারে না। হাসপাতালের কার্যক্রমে সরকারের সরাসরি সম্পৃক্ততা নিশ্চিত করতে হবে।
হাসপাতালকে ঘিরে কথিত ‘আন্ডারগ্রাউন্ড সিন্ডিকেট’-এর প্রসঙ্গ তুলে তিনি বলেন, কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠান যদি নিজেদের নিয়ন্ত্রণে চিকিৎসাসেবার মান নির্ধারণ বা পরিচালনার চেষ্টা করে, তাহলে তাদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
একই অনুষ্ঠানে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) উত্তরাঞ্চলীয় মুখ্য সংগঠক সারজিস আলম বলেন, পঞ্চগড় সদর হাসপাতালে প্রতি মাসে প্রায় ৪০ হাজার মানুষ চিকিৎসাসেবা নিচ্ছেন। কিন্তু এমআরআই ও সিটি স্ক্যানের মতো আধুনিক চিকিৎসা সরঞ্জামের সংকট রয়েছে। এতে রোগীদের ভোগান্তি বাড়ছে।
তিনি বলেন, রাজনৈতিক মতপার্থক্য থাকতেই পারে, তবে মানুষের স্বাস্থ্যসেবা নিশ্চিত করার ক্ষেত্রে সবাইকে একসঙ্গে কাজ করতে হবে।
মতবিনিময় সভায় পঞ্চগড়ের জেলা প্রশাসক শুকরিয়া পারভীন, পুলিশ সুপার আবু সাইম, বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মী, চিকিৎসকসহ হাসপাতাল ব্যবস্থাপনার সঙ্গে সংশ্লিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন।



