নোয়াখালীর কোম্পানীগঞ্জে ইমরান হোসেন মারুফ (২২) নামে এক যুবককে তুলে নিয়ে মারধর ও তার মোবাইল ফোন লুটের অভিযোগে তিনজনকে গ্রেফতার করেছে পুলিশ।
গ্রেফতার ব্যক্তিরা হলেন—উপজেলার চরকাঁড়া ২ নম্বর ওয়ার্ডের মাহফুজুর রহমান সেলিম (২৫), নুর ইসলাম (২২) ও তোফাজ্জল হকের ছেলে শরীফ (২৭)।
শুক্রবার (১৪ আগস্ট) রাতে উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।
মামলার এজাহার সূত্রে জানা যায়, মারুফের সঙ্গে অভিযুক্তদের পূর্ববিরোধ ছিল। গত ২৯ জুলাই একটি দোকান থেকে তাকে তুলে নিয়ে মারধর করা হয়। পরে তাকে কোম্পানীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সামনে ফেলে রেখে যায় অভিযুক্তরা। এ সময় তার সঙ্গে থাকা মোবাইল ফোনও লুট করা হয় বলে মামলায় অভিযোগ করা হয়েছে।
এ ঘটনায় মারুফের মা হাজেরা খাতুন কোম্পানীগঞ্জ থানায় মামলা করেন। মামলায় ছয়জনের নাম উল্লেখ করে আরও পাঁচ থেকে ছয়জনকে অজ্ঞাতনামা আসামি করা হয়েছে।
কোম্পানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ নুরুল হাকিম জানান, গ্রেফতার তিনজনকে নোয়াখালীর বিচারিক আদালতে পাঠানো হয়েছে। পরে আদালতের নির্দেশনা অনুযায়ী তাদের কারাগারে পাঠানো হয়।
পুলিশ জানিয়েছে, মামলার অন্য আসামিদের গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে।



