tanaka
প্রচ্ছদআন্তর্জাতিকনেপালে ১৭ বছরে ১৩ বার সরকার বদল, নেপথ্যে কী

নেপালে ১৭ বছরে ১৩ বার সরকার বদল, নেপথ্যে কী

আবারও রাজনৈতিক সংকটে নেপাল। টানা দুই দিনের জেন-জি আন্দোলনে পুলিশের গুলিতে অন্তত ১৯ জন নিহত হওয়ার পর প্রধানমন্ত্রী কেপি শর্মা অলি পদত্যাগ করেছেন। আন্দোলনকারীরা এবার নতুন সরকার গঠনের দাবি তুলছেন। গত ১৭ বছরে দেশটিতে ইতিমধ্যে ১৩ বার সরকার পরিবর্তন হয়েছে।

বিশ্লেষকদের মতে, চলমান এই অস্থিরতা গত কয়েক দশকের মধ্যে সবচেয়ে সহিংস। এমনকি ২০০৬ সালের গণআন্দোলনের চেয়েও ভয়াবহ, যখন গণবিক্ষোভে নেপালের শেষ রাজা জ্ঞানের্দ্র শাহ নির্বাহী ক্ষমতা ছাড়তে বাধ্য হয়েছিলেন। সেই আন্দোলনে নিহত হয়েছিলেন অন্তত ১৮ জন।

২০০৮ সালে সংসদের ভোটে রাজতন্ত্র বিলুপ্ত হওয়ার পর নেপাল প্রজাতন্ত্রের যাত্রা শুরু করে। তবে প্রজাতন্ত্র ঘোষণার পরও রাজনৈতিক স্থিতিশীলতা আসেনি। একের পর এক সরকার বদল এবং দুর্নীতি–দলবাজিতে জনগণের হতাশা কেবল বেড়েছে।

কাঠমান্ডুর এক বিক্ষোভকারী বলেন, “আমরা ভেবেছিলাম রাজতন্ত্র শেষ হলে স্থিতিশীলতা আসবে। কিন্তু বছর ঘুরে বছর শুধু দুর্নীতি আর ক্ষমতার লড়াই বেড়েছে।”

এখনো দেশটির একাংশ রাজতন্ত্র পুনর্বহালের দাবি তুলছে। চলতি বছরের মার্চে কাঠমান্ডুতে রাজতন্ত্র সমর্থকদের সমাবেশে পুলিশের সঙ্গে সংঘর্ষে দুইজন নিহত হন।

আল-জাজিরা জানিয়েছে, অলি পদত্যাগ করলেও রাজনৈতিক সমাধান সহজ নয়। আন্দোলনকারীরা সরকারের বিলুপ্তি দাবি করলে তা দেশটিকে আরও অনিশ্চয়তায় ফেলতে পারে। বিশ্লেষকদের আশঙ্কা, দ্রুত নতুন নেতৃত্ব ও কার্যকর সমঝোতা না এলে নেপাল আবারও দীর্ঘমেয়াদি অস্থিতিশীলতার মুখে পড়বে।