tanaka
প্রচ্ছদআন্তর্জাতিকনেপালে বিক্ষোভকারীদের আগুনে জ্বলল সংসদ ভবন

নেপালে বিক্ষোভকারীদের আগুনে জ্বলল সংসদ ভবন

কাঠমান্ডুসহ নেপালের বিভিন্ন শহরে টানা সহিংস বিক্ষোভের মধ্যে মঙ্গলবার বিক্ষুব্ধ জনতা সংসদ ভবনে আগুন ধরিয়ে দেয়। এর আগে প্রাণঘাতী দমন–অভিযান ও রাজনৈতিক চাপের মুখে পদত্যাগ করেছেন প্রধানমন্ত্রী কেপি শর্মা অলি। আল জাজিরার এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

সংসদ সচিবালয়ের মুখপাত্র একরাম গিরি জানান, শতাধিক বিক্ষোভকারী সংসদ ভবনের ভেতরে ঢুকে মূল ভবনে অগ্নিসংযোগ করে। দ্রুত বিপুল সংখ্যক নিরাপত্তা বাহিনী ঘটনাস্থলে পৌঁছালেও ভবনের বড় অংশ দাউদাউ করে জ্বলতে থাকে।

পদত্যাগপত্রে যা লিখলেন অলি

অলি তার পদত্যাগপত্রে উল্লেখ করেছেন, বর্তমান সংকটের ‘সংবিধানসম্মত সমাধানের পথ তৈরি করতে’ তিনি সরে দাঁড়াচ্ছেন। তবে রাজনৈতিক বিশ্লেষকদের মতে, বিক্ষোভের ব্যাপকতা ও জনগণের চরম চাপের কারণে তার পদত্যাগ ছিল অনিবার্য।

মঙ্গলবার সকাল থেকেই রাজধানী কাঠমান্ডুসহ দেশের বিভিন্ন অঞ্চলে বিক্ষোভকারীরা রাজপথে নেমে আসে। এ সময় অলি ও সাবেক প্রধানমন্ত্রী শের বাহাদুর দেউবাসহ একাধিক শীর্ষ নেতার বাড়িতে হামলা চালানো হয়। শাসক দল ও বিরোধী দলের কার্যালয়ও ভাঙচুর ও অগ্নিসংযোগের শিকার হয়।

এদিকে সিভিল সার্ভিস হাসপাতালের নির্বাহী পরিচালক মোহন রেগমি জানান, মঙ্গলবারের বিক্ষোভে দুইজন নিহত হয়েছেন এবং অন্তত ৯০ জন আহত হয়ে চিকিৎসাধীন আছেন। নিহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

রাজনৈতিক অস্থিরতা ও প্রাণহানির ঘটনার পর নেপালজুড়ে পরিস্থিতি ক্রমেই উত্তপ্ত হয়ে উঠছে। আইনশৃঙ্খলা বাহিনী সর্বাত্মক চেষ্টা চালালেও বিক্ষোভকারীদের দমন করা যাচ্ছে না। আন্দোলনকারীরা কেবল নেতৃত্ব পরিবর্তন নয়, দেশের রাজনৈতিক ব্যবস্থায় মৌলিক সংস্কার ও জবাবদিহি নিশ্চিতের দাবিতে অনড় রয়েছেন।