মা ইলিশের নিরাপদ প্রজনন ও সংরক্ষণ নিশ্চিত করতে ২২ দিনের সরকারি নিষেধাজ্ঞা শুরুর আগের দিন বরগুনার পাথরঘাটা বিএফডিসি মৎস্য অবতরণ কেন্দ্রে ইলিশ বিক্রির ধুম পড়েছে। সাগর ও নদ-নদী থেকে মাছবোঝাই একের পর এক ট্রলার ঘাটে ফিরছে। সরবরাহ বাড়লেও শেষ মুহূর্তে চাহিদা বেড়ে যাওয়ায় ইলিশের দামও তুলনামূলকভাবে চড়া।
বুধবার (৭ অক্টোবর) সরেজমিনে দেখা যায়, ঘাটে নোঙর করা ট্রলারগুলো থেকে মাছ খালাস, আকারভেদে বাছাই, বরফজাতকরণ ও আড়তে বিক্রির কাজে ব্যস্ত সময় পার করছেন জেলে, শ্রমিক ও মৎস্য ব্যবসায়ীরা।
ট্রলার থেকে মাছ নামানোর সঙ্গে সঙ্গেই ঘাটজুড়ে শুরু হচ্ছে হাঁকডাক ও দরদাম। নিষেধাজ্ঞা শুরুর আগে মাছ বিক্রি ও সরবরাহ শেষ করতে পুরো মৎস্য অবতরণ কেন্দ্রে দেখা গেছে উপচেপড়া কর্মচাঞ্চল্য। পাইকাররাও দ্রুত মাছ কিনে বরফ দিয়ে প্যাকেটজাত করে দেশের বিভিন্ন প্রান্তে পাঠিয়ে দিচ্ছেন।
পাশাপাশি অনেক জেলেকে আগামী ২২ দিনের জন্য জাল গুছিয়ে রাখা এবং ট্রলার মেরামতের প্রস্তুতি নিতেও দেখা গেছে।
আকারভেদে ইলিশের দাম
স্থানীয় মাছ ব্যবসায়ীরা জানান, ঘাটে ইলিশের সরবরাহ ভালো থাকলেও নিষেধাজ্ঞার আগে শেষ মুহূর্তে চাহিদা বেড়ে যাওয়ায় দাম স্বাভাবিক সময়ের তুলনায় বেশি।
স্থানীয় মাছ ব্যবসায়ী আব্বাস ফয়েজ বলেন, ৮০০ থেকে ৯০০ গ্রাম ওজনের ইলিশ প্রতি মণ ৭০ থেকে ৮০ হাজার টাকায় বিক্রি হচ্ছে। মাঝারি আকারের ইলিশের দাম ৪০ থেকে ৪৫ হাজার টাকা এবং ছোট আকারের ইলিশ ২৩ থেকে ২৫ হাজার টাকা মণ দরে বিক্রি হচ্ছে।
পাইকাররা ঘাট থেকে মাছ কিনে বরফ দিয়ে প্যাকেটজাত করছেন। পরে ট্রাকে করে এসব ইলিশ ঢাকাসহ দেশের বিভিন্ন জেলায় পাঠানো হচ্ছে।
শেষ মুহূর্তে চাহিদা বেড়েছে
দাম বাড়ার কারণ ব্যাখ্যা করে জেলা ট্রলার মালিক সমিতির সভাপতি মোস্তফা গোলাম চৌধুরী বলেন, নিষেধাজ্ঞা শুরুর একেবারে শেষ সময়ে ইলিশের চাহিদা ব্যাপক বেড়ে যায়। ক্রেতা ও পাইকারদের প্রচণ্ড ভিড় থাকায় স্বাভাবিক সময়ের তুলনায় দাম কিছুটা বেশি।
২২ দিন বন্ধ থাকবে মাছ ধরা
সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা হাসিবুল হক বলেন, মা ইলিশের নির্বিঘ্ন প্রজনন নিশ্চিত করতে ২২ দিন সাগর ও নদ-নদীতে সব ধরনের মাছ ধরা নিষিদ্ধ থাকবে। এ সময় ইলিশ পরিবহণ, মজুত এবং ক্রয়-বিক্রয়ও দণ্ডনীয় অপরাধ।
সরকারি নিষেধাজ্ঞা কার্যকর করতে নিয়মিত অভিযান ও ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হবে বলেও জানান তিনি।
প্রকৃত জেলে-শ্রমিকদের সহায়তার দাবি
এদিকে নিষেধাজ্ঞার কারণে কর্মহীন হয়ে পড়া প্রকৃত জেলে ও শ্রমিকদের কাছে দ্রুত এবং সঠিকভাবে খাদ্য সহায়তা পৌঁছে দেওয়ার দাবি জানিয়েছেন ঘাট শ্রমিক ইউনিয়নের সভাপতি ফারুক হোসেন।
স্থানীয় মৎস্যজীবীরা জানান, আইন মেনে ২২ দিন মাছ ধরা বন্ধ রাখতে তারা প্রস্তুত। তবে এ সময় পরিবার নিয়ে বেঁচে থাকার জন্য সরকারি প্রণোদনা ও খাদ্য সহায়তা যেন সময়মতো এবং স্বচ্ছতার সঙ্গে প্রকৃত জেলেদের কাছে পৌঁছায়—এটাই তাদের প্রধান প্রত্যাশা।



