tanaka

ডিসেম্বর ঘিরে রাজনীতিতে নতুন উত্তেজনা চলছে নানা হিসাব-নিকাশ

বাংলাদেশের রাজনীতিতে এই মুহূর্তে সবচেয়ে আলোচিত শব্দগুলোর একটি ‘ডিসেম্বর’। ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার দেশে ফেরার ঘোষণাকে কেন্দ্র করে শুধু বাংলাদেশেই নয়, বিশ্বের বিভিন্ন দেশে...
প্রচ্ছদসারাদেশনিষিদ্ধ সংগঠনের ঝটিকা মিছিল, আটক ৪

নিষিদ্ধ সংগঠনের ঝটিকা মিছিল, আটক ৪

সিলেট নগরীতে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠনের নেতাকর্মীরা পুলিশের উপস্থিতিতেই একটি ঝটিকা বিক্ষোভ মিছিল করেছেন। এ ঘটনায় চারজনকে আটক করেছে পুলিশ।

মঙ্গলবার (১৬ জুন) দুপুরে নগরীর নবাব রোড এলাকায় মিছিলটি অনুষ্ঠিত হয়। মিছিল শেষ হওয়ার পরপরই ঘটনাস্থল থেকে চারজনকে আটক করে কোতোয়ালী থানায় নিয়ে যায় পুলিশ।

স্থানীয় সূত্র জানায়, সিলেট জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও জেলা পরিষদের সাবেক চেয়ারম্যান অ্যাডভোকেট মো. নাসির উদ্দিন খানের উদ্যোগে কর্মসূচিটির আয়োজন করা হয়। এতে আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা অংশ নেন।

বিক্ষোভকারীদের বহন করা ব্যানারে আওয়ামী লীগের ওপর আরোপিত নিষেধাজ্ঞা প্রত্যাহার, রাজনৈতিক বন্দিদের মুক্তি এবং তাদের ভাষ্য অনুযায়ী ‘মিথ্যা মামলা’ প্রত্যাহারের দাবি জানানো হয়। মিছিলে সিলেট জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি শাহরিয়ার আলম সামাদকেও নেতৃত্ব দিতে দেখা যায়।

প্রত্যক্ষদর্শীরা জানান, নবাব রোড এলাকায় অল্প সময় অবস্থান নিয়ে বিভিন্ন স্লোগান দেন অংশগ্রহণকারীরা। পরে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে চারজনকে আটক করে।

এদিকে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া একটি ভিডিওতে দেখা যায়, ‘জয় বাংলা’ স্লোগান দিতে দিতে নেতাকর্মীরা নবাব রোডের একটি সড়ক প্রদক্ষিণ করছেন। একই সময়ে সড়কের বিপরীত পাশে পুলিশের একটি গাড়িও অবস্থান করছিল।

ভিডিওতে দেখা যায়, পুলিশের গাড়ির পাশ দিয়েই মিছিলটি এগিয়ে যায়। অংশগ্রহণকারীর সংখ্যা তুলনামূলক বেশি হওয়ায় তাৎক্ষণিকভাবে পুলিশকে কোনো বাধা দিতে দেখা যায়নি। ঘটনাটি ঘিরে আইনশৃঙ্খলা বাহিনীর ভূমিকা নিয়েও বিভিন্ন মহলে আলোচনা শুরু হয়েছে।

বিষয়টি নিয়ে সিলেট মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (মিডিয়া) মো. মনজুরুল আলম বলেন, “তালতলা এলাকায় কোনো মিছিলের তথ্য পুলিশ পায়নি। তবে নবাব রোড এলাকায় একটি ছোট মিছিলের ঘটনা ঘটেছে। সেখান থেকে চারজনকে আটক করা হয়েছে।”

তিনি জানান, আটক ব্যক্তিদের পরিচয় যাচাই-বাছাই করা হচ্ছে। তারা কী উদ্দেশ্যে সেখানে জড়ো হয়েছিল এবং তাদের কার্যক্রমের প্রকৃতি কী ছিল, তা তদন্ত করে দেখা হচ্ছে। তদন্ত শেষে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলেও জানান তিনি।