ময়মনসিংহের গফরগাঁওয়ে চলন্ত অবস্থায় মোহনগঞ্জ এক্সপ্রেস ট্রেনের ইঞ্জিনের সঙ্গে তিনটি বগির সংযোগ বিচ্ছিন্ন হওয়ার ঘটনা ঘটেছে। ট্রেনটির সংযোগ হুক ভেঙে যাওয়ায় এ পরিস্থিতির সৃষ্টি হয়। তবে চালকের দ্রুত পদক্ষেপে বড় ধরনের দুর্ঘটনা এড়ানো সম্ভব হয়েছে। এ ঘটনার পর ঢাকা-ময়মনসিংহ রেলপথে প্রায় দেড় ঘণ্টা ট্রেন চলাচল বন্ধ থাকে।
শুক্রবার (৩০ অক্টোবর) দুপুর সাড়ে ৩টার দিকে দক্ষিণ গফরগাঁওয়ের মশাখালী ও কাওরাইদ রেলওয়ে স্টেশনের মধ্যবর্তী এলাকায় এ ঘটনা ঘটে।
ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন গফরগাঁও রেলওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ এইচএম বাসার।
রেলওয়ে সূত্রে জানা যায়, ঢাকা থেকে মোহনগঞ্জের উদ্দেশে ছেড়ে আসা আন্তনগর মোহনগঞ্জ এক্সপ্রেস দুপুর ৩টা ২৫ মিনিটে গাজীপুরের কাওরাইদ রেলওয়ে স্টেশন অতিক্রম করে। কিছুক্ষণ পর মশাখালী স্টেশনে পৌঁছানোর আগেই চলন্ত ট্রেনটির হুক ভেঙে ইঞ্জিনসহ তিনটি বগির সংযোগ বিচ্ছিন্ন হয়ে যায়। বিষয়টি বুঝতে পেরে চালক দ্রুত ট্রেন থামিয়ে দেন।
এ ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। তবে ট্রেনের বগি বিচ্ছিন্ন হয়ে পড়ায় ঢাকা-ময়মনসিংহ রেলপথে বিকেল ৫টা পর্যন্ত প্রায় দেড় ঘণ্টা ট্রেন চলাচল ব্যাহত হয়। এতে ওই রুটের অন্যান্য ট্রেনও বিভিন্ন স্টেশনে সাময়িকভাবে আটকা পড়ে।
মশাখালী রেলওয়ে স্টেশনের স্টেশনমাস্টার মো. মাসুম মিয়া জানান, কাওরাইদ ও মশাখালী স্টেশনের মাঝামাঝি এলাকায় মোহনগঞ্জ এক্সপ্রেসের হুক ভেঙে ইঞ্জিনসহ তিনটি বগির সংযোগ বিচ্ছিন্ন হয়। এ ঘটনায় কোনো প্রাণহানি বা হতাহতের ঘটনা ঘটেনি।
তিনি আরও জানান, বিচ্ছিন্ন বগিগুলোর সংযোগ পুনঃস্থাপন ও হুক মেরামতের জন্য রেলওয়ের কর্মীরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছান। মেরামতের কাজ শেষ হওয়ার পর বিকেল ৫টার দিকে ট্রেনটি আবারও মোহনগঞ্জের উদ্দেশে যাত্রা শুরু করে।



