ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নির্বাচিত সংসদ সদস্যদের শপথ পাঠ করাতে রাষ্ট্রপতির মনোনীত ব্যক্তি অথবা প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) দায়িত্ব পালন করতে পারবেন বলে জানিয়েছেন আইন, বিচার ও সংসদবিষয়ক উপদেষ্টা ড. আসিফ নজরুল।
বৃহস্পতিবার (৫ ফেব্রুয়ারি) বিকেলে সচিবালয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ তথ্য জানান।
আইন উপদেষ্টা বলেন, এ ক্ষেত্রে দুটি বিকল্প রয়েছে। প্রথমত, সাবেক স্পিকার বা ডেপুটি স্পিকারের মাধ্যমে শপথ গ্রহণ করানোর কোনো সুযোগ নেই।
দ্বিতীয়ত, নির্বাচনের ফলাফল ঘোষণার পর তিন দিনের মধ্যে যদি শপথ গ্রহণ করাতে হয়, তবে প্রধান উপদেষ্টার পরামর্শক্রমে রাষ্ট্রপতি কর্তৃক মনোনীত কোনো ব্যক্তি শপথ পাঠ করাতে পারবেন। উদাহরণ হিসেবে তিনি বলেন, বর্তমান প্রধান বিচারপতি সম্মতি দিলে তাকেও এ দায়িত্ব দেওয়া যেতে পারে।
ড. আসিফ নজরুল আরও জানান, কোনো কারণে যদি নির্ধারিত তিন দিনের মধ্যে শপথ গ্রহণ করানো সম্ভব না হয়, সে ক্ষেত্রে প্রধান নির্বাচন কমিশনার শপথ পাঠ করাতে পারবেন।
উল্লেখ্য, তফসিল অনুযায়ী আগামী ১২ ফেব্রুয়ারি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।



