বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ বলেছেন, জামায়াত যাদের নিয়ে আন্দোলন করছে, ২০২৪ সালের জাতীয় নির্বাচনে তাদের ভূমিকা কী ছিল—তা জাতি জানতে চায়।
শনিবার (৪ অক্টোবর) রাজধানীতে এনডিপির প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।
সালাহউদ্দিন আহমদ বলেন, যারা হীন রাজনৈতিক উদ্দেশ্যে মাঠে নেমেছে, তাদের দেশের স্বার্থে সঠিক পথে ফিরে আসার আহ্বান জানাচ্ছি। তিনি অভিযোগ করেন, নির্বাচন বানচালের পেছনে কাজ করছে জামায়াত।
তবে, ‘পিআর’সহ বিভিন্ন দাবিতে জামায়াত ও অন্যান্য দলের আন্দোলনকে তিনি গণতান্ত্রিক চর্চা হিসেবে দেখলেও বলেন—চূড়ান্ত সিদ্ধান্ত জনগণের। তারাই নির্ধারণ করবে কার ইশতেহার গ্রহণযোগ্য।
তিনি আরও বলেন, পিআর ইস্যুতে যারা আন্দোলন করছে, তারাই একদিকে নির্বাচনে বিলম্ব এবং নির্বাচন বানচালের অপচেষ্টা চালাচ্ছে। জনগণকে বিভ্রান্ত করে কোনো আন্দোলন গ্রহণযোগ্য নয়।
এ সময় গাজাগামী নৌবহরে ইসরাইলি হামলার নিন্দা জানান তিনি এবং জাতিসংঘকে আরো দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানান।



