বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী বলেছেন, “আগামী ফেব্রুয়ারিতে একটি অবাধ ও সুষ্ঠু নির্বাচন হবে—এটাই দেশের জনগণের প্রত্যাশা। জনগণ ভোট দিতে প্রস্তুত রয়েছে। তাই নতুন কোনো ইস্যু তৈরি করে জনমতকে বিভ্রান্ত করার অপচেষ্টা যারা করছে, তারা সফল হবে না এবং জনগণের কাছে একসময় উন্মোচিত হবে।”
শনিবার সকালে রাজধানীর শেরেবাংলা নগরে বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের মাজারে এসোসিয়েশন অব ইঞ্জিনিয়ার্স বাংলাদেশ (এ্যাব)-এর শ্রদ্ধা নিবেদন কর্মসূচিতে অংশ নিয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন। এ সময় সংগঠনের সভাপতি ইঞ্জিনিয়ার শাহরিন ইসলাম তুহিনসহ অন্যান্য নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
রিজভী অভিযোগ করেন, “গত ১৬ বছর ধরে জনগণ প্রকৃত অর্থে ভোটাধিকার থেকে বঞ্চিত। শেখ হাসিনা ক্ষমতায় টিকে থাকতে নির্বাচনী ব্যবস্থাকে প্রহসনে পরিণত করেছেন। ভোট হয়েছে রাতে, অথচ ভোটারদের কেন্দ্রে যাওয়ার সুযোগ দেওয়া হয়নি। র্যাব, ছাত্রলীগ, যুবলীগ দিয়ে ভোটারদের বাধা দেওয়া হয়েছে। এমনকি গরু-বাছুরকেও ভোটকেন্দ্রে দেখা গেছে, কিন্তু সাধারণ মানুষ ছিল বাইরে।”
তিনি বলেন, “এইবারের নির্বাচন কমিশন এবং ড. মুহাম্মদ ইউনূসের নেতৃত্বে একটি অন্তর্বর্তীকালীন সরকার গঠিত হলে জনগণের ভোটাধিকার নিশ্চিত হবে। এই সরকার নিরপেক্ষ থাকবে, কোনো রাজনৈতিক পক্ষ নেবে না। তবে বর্তমানে প্রশাসনের বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে একটি বিশেষ রাজনৈতিক মতাদর্শের অনুসারী আমলাদের বসানো হয়েছে, যা একটি সুষ্ঠু নির্বাচনের পথে বড় বাধা। ড. ইউনূসের প্রতি আস্থা রেখে আমরা বলবো—এমন ব্যক্তিদের দায়িত্ব দিন, যারা নিরপেক্ষভাবে নির্বাচন পরিচালনা করতে সক্ষম।”
রিজভী আরও বলেন, “শেখ হাসিনার দলপ্রধান হিসেবে নির্বাচন কমিশন, প্রশাসন ও পুলিশকে ব্যবহার করে দেশে একদলীয় শাসন প্রতিষ্ঠা করা হয়েছে। কিন্তু জনগণ আর কোনো ফ্যাসিবাদী শাসন চায় না।”
জাতীয়তাবাদী রাজনীতির ধারাবাহিকতা তুলে ধরে রিজভী বলেন, “বিএনপি শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের নেতৃত্বে একদলীয় শাসনব্যবস্থা থেকে জাতিকে মুক্ত করেছিল। পরে বেগম খালেদা জিয়া স্বৈরাচার এরশাদকে পরাজিত করে দেশে গণতন্ত্র প্রতিষ্ঠা করেন। আর ৫ আগস্টের আন্দোলনের মাধ্যমে তারেক রহমান জনগণকে নতুনভাবে অনুপ্রাণিত করেছেন।”
আন্তর্জাতিক ষড়যন্ত্রের প্রসঙ্গে তিনি বলেন, “জাতীয়তাবাদী শক্তিকে ধ্বংস করতে আন্তর্জাতিক সাম্রাজ্যবাদী ও আধিপত্যবাদীরা নানা চক্রান্তে লিপ্ত রয়েছে। এসব ষড়যন্ত্র বাস্তবায়নের জন্য এখন মাস্টারপ্ল্যান চলছে। তবে বাংলাদেশের জনগণ অতীতের মতো এবারও অন্ধকার জয় করে জাতীয়তাবাদের পতাকা সমুন্নত রাখবে।”
সম্প্রতি দুর্গাপূজা ঘিরে কিছু গুজব ও অপপ্রচারের বিষয়ে তিনি বলেন, “সম্প্রতি দুর্গাপূজা অত্যন্ত উৎসাহ-উদ্দীপনার সঙ্গে উদযাপিত হয়েছে। হিন্দু-মুসলমান সবাই মিলে মণ্ডপ পাহারা দিয়েছে—এটাই আমাদের অসাম্প্রদায়িক ঐতিহ্যের প্রতিচ্ছবি।”
ভারতে ড. ইউনূসের মুখাবয়ব দিয়ে তৈরি ‘অসুরের’ মূর্তির প্রসঙ্গে তিনি বলেন, “এটি অত্যন্ত নিম্ন রুচির পরিচায়ক ও অপসংস্কৃতির বহিঃপ্রকাশ। ভারত যেমন সঙ্গীত, শিল্প ও সংস্কৃতির দেশ, তাদের কাছ থেকে এমন কাজ প্রত্যাশিত ছিল না।”
তিনি আরও বলেন, “ভারতের প্রধানমন্ত্রী মোদি যদি নিজ দেশে সাম্প্রদায়িক বিভাজন তৈরি করেন, বাংলাদেশে তা কখনোই গ্রহণযোগ্য হবে না। আমাদের সমাজে বিভাজন নয়, সম্প্রীতির বন্ধনই শক্তিশালী। তারেক রহমান স্পষ্টভাবে বলেছেন—আমরা সম্প্রীতির বন্ধনে আবদ্ধ থাকতে চাই।”
এক প্রশ্নের উত্তরে রিজভী বলেন, “১৯৯১ সালে শেখ হাসিনা ভারত থেকে ফিরে এসে বলেছিলেন, বিএনপি ১০টির বেশি আসন পাবে না। কিন্তু জনগণই প্রমাণ করেছে, কে কতটা জনপ্রিয়। গত ১৬ বছর ধরে কারা আপসহীন আন্দোলন করেছে, জনগণ তা জানে। মিথ্যা তথ্য ও প্রপাগান্ডা দিয়ে ধানের শীষের জনপ্রিয়তা খাটো করা যাবে না।”



