আগামী ফেব্রুয়ারিতে অনুষ্ঠিতব্য জাতীয় নির্বাচনকে ঘিরে সরকারের প্রস্তুতি নিয়ে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর শীর্ষ নেতাদের সঙ্গে বৈঠক করেছেন প্রধান উপদেষ্টা প্রফেসর মুহাম্মদ ইউনূস।
মঙ্গলবার (২১ অক্টোবর) সন্ধ্যায় রাজধানীর রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় অনুষ্ঠিত এ বৈঠকে নির্বাচনী প্রক্রিয়া এবং প্রশাসনিক প্রস্তুতি নিয়ে বিস্তারিত আলোচনা হয়।
বৈঠকে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী ও সালাহউদ্দিন আহমদ উপস্থিত ছিলেন। এছাড়া পরিকল্পনা উপদেষ্টা ড. ওয়াহিদউদ্দিন মাহমুদ, আইন উপদেষ্টা অধ্যাপক আসিফ নজরুল এবং শিল্প উপদেষ্টা আদিলুর রহমান খানও আলোচনায় অংশ নেন।
বিএনপি নেতারা বৈঠকে বিতর্কিত কর্মকর্তাদের নির্বাচনী দায়িত্ব থেকে বিরত রাখার আহ্বান জানান। বিশেষ করে, পূর্ববর্তী আওয়ামী লীগ সরকারের আমলে নির্বাচনী দায়িত্ব পালনকারী এবং পক্ষপাতদুষ্ট কর্মকর্তাদের নির্বাচন থেকে সরিয়ে রাখার বিষয়ে তারা জোর দেন।
এছাড়া নির্বাচনের আগে প্রশাসনিক রদবদলে নিরপেক্ষতা বজায় রাখতে এবং আইনশৃঙ্খলা বাহিনীর নিরপেক্ষ ভূমিকা নিশ্চিত করার দিকেও গুরুত্ব আরোপ করেন বিএনপি নেতারা।
প্রধান উপদেষ্টা আশ্বস্ত করে বলেন, “নির্বাচনের আগে প্রশাসনে যে কোনো পরিবর্তন বা রদবদল আমার প্রত্যক্ষ তত্ত্বাবধানে হবে। আমাদের দায়িত্ব হলো নিরপেক্ষ থাকা। নির্বাচন একটি যুদ্ধক্ষেত্র, এখানে যারা শান্তি ও শৃঙ্খলা বজায় রাখতে সক্ষম, কেবল তাদেরই দায়িত্ব দেওয়া হবে।”
বৈঠকে বিএনপি নেতারা পুলিশের নিয়োগ ও বদলি প্রক্রিয়া নিয়েও পর্যবেক্ষণ তুলে ধরেন। পাশাপাশি, সাম্প্রতিক সময়ে বিভিন্ন স্থাপনায় একাধিক অগ্নিকাণ্ডের ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করে এসব ঘটনার পেছনে কোনো অন্তর্ঘাতমূলক কর্মকাণ্ড আছে কি না—তা তদন্তের দাবি জানান।
চলমান রাজনৈতিক সংলাপের অংশ হিসেবে আগামীকাল (বুধবার) বাংলাদেশ জামায়াতে ইসলামী প্রতিনিধি দলের সঙ্গে প্রধান উপদেষ্টার বৈঠক অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।



