আসন্ন জাতীয় নির্বাচনে বিএনপি কোনো রাজনৈতিক জোটে যাবে কি না, তা এখনো নিশ্চিত নয় বলে জানিয়েছেন দলের সহ-আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ব্যারিস্টার রুমিন ফারহানা। সম্প্রতি একটি বেসরকারি টেলিভিশনের আলোচনায় অংশ নিয়ে তিনি এ মন্তব্য করেন।
রুমিন বলেন, “নির্বাচনে এখনও চার মাস বাকি। এই সময়ের মধ্যে কোনো জোট গঠিত হতে পারে। তবে এখনই স্পষ্ট করে কিছু বলা যাচ্ছে না।”
তবে তিনি স্পষ্টভাবে জানান, অতীতে যেসব ধরনের নির্বাচনী জোট হয়েছে, যেমন—”অমুক এলাকায় নৌকা প্রতীক দেওয়া হবে না”, অথবা “নৌকা-সমর্থিত লাঙলের প্রার্থী”, এই ধরনের নির্বাচন তিনি একেবারেই কামনা করেন না। তার ভাষায়, “বাংলাদেশে যেন এমন নির্বাচন আর না হয়—এটা একজন নাগরিক, আইনজীবী এবং রাজনৈতিক কর্মী হিসেবে আমি চাই না।”
বর্তমান নির্বাচন ব্যবস্থা ও সম্ভাব্য ফলাফল নিয়ে রুমিন আরও বলেন, “যদি কোনো একটি দল স্বাভাবিকের চেয়ে বেশি সংখ্যাগরিষ্ঠতা পায়, এবং জনগণ তাদের ভোট দেয়—তাহলে সেটাই হোক। কিন্তু আসন ভাগাভাগির জোট করে, আসন ছেড়ে দিয়ে লাভ হবে কি না, সেটি নিয়েও সন্দেহ আছে। কারণ, এবার অনেক জায়গায় জোটের প্রার্থীকে জেতা কঠিন হবে যদি ঐ দলেরই স্বতন্ত্র প্রার্থীরা দাঁড়িয়ে যান।”
এদিকে জামায়াতে ইসলামীর নেতৃত্বে বিএনপিকে বাদ দিয়ে একটি নতুন জোট গঠনের পরিকল্পনার বিষয়েও প্রতিক্রিয়া জানান রুমিন। তিনি বলেন, “কে কে থাকবেন, সেটা যদি স্পষ্ট করে বলা হতো, তাহলে আমাদের পক্ষেও বিষয়টি বোঝা সহজ হতো। শুধু বলা হচ্ছে—ডানপন্থি, বামপন্থি, মধ্যপন্থি সবাই থাকবে।”



