আগামী জাতীয় নির্বাচনকে সামনে রেখে ঢাকায় আসছেন যুক্তরাষ্ট্রের নবনিযুক্ত রাষ্ট্রদূত ব্রেন্ট ক্রিস্টেনসেন। তিনি ১২ জানুয়ারি ঢাকায় পৌঁছাবেন এবং এরপর বাংলাদেশের রাষ্ট্রপতির কাছে পরিচয়পত্র পেশ করবেন, যাতে দ্রুততার সাথে তার নতুন মিশন শুরু করতে পারবেন।
সূত্র জানায়, আসন্ন নির্বাচন ঘিরে বাংলাদেশের রাজনৈতিক দলের সঙ্গে আলোচনায় বসার পরিকল্পনা রয়েছে তার। ঢাকায় পৌঁছেই, ব্রেন্ট ক্রিস্টেনসেনের মূল লক্ষ্য হবে বাংলাদেশের জন্য একটি স্বচ্ছ, নিরপেক্ষ ও অংশগ্রহণমূলক নির্বাচন নিশ্চিত করতে কূটনৈতিক কার্যক্রম চালানো। এছাড়াও, মানবাধিকার রক্ষা, রোহিঙ্গা সংকটের সমাধান এবং দ্বিপক্ষীয় বাণিজ্যিক সম্পর্ক জোরদার করার বিষয়ে কাজ করবেন তিনি।
ব্রেন্ট ক্রিস্টেনসেনের ঢাকায় আগমন উপলক্ষে, ঢাকার মার্কিন দূতাবাসের তিন সদস্যের একটি প্রতিনিধিদল মঙ্গলবার (৬ জানুয়ারি) পররাষ্ট্র মন্ত্রণালয়ের পররাষ্ট্র সচিব আসাদ আলম সিয়ামের সঙ্গে বৈঠক করেছে। বৈঠকে রাষ্ট্রদূতের ঢাকা আগমনের বিষয়টি নিয়ে বিস্তারিত আলোচনা হয়।
মার্কিন ফরেন সার্ভিসের সিনিয়র কর্মকর্তা হিসেবে ব্রেন্ট ক্রিস্টেনসেন ২০১৯-২০২১ পর্যন্ত ঢাকায় মার্কিন দূতাবাসে রাজনৈতিক ও অর্থনৈতিক কাউন্সেলর হিসেবে দায়িত্ব পালন করেছেন। এ কারণে বাংলাদেশের শীর্ষ রাজনৈতিক নেতাদের সঙ্গে তার পূর্ব পরিচয় এবং অভিজ্ঞতা তাকে মাঠ পর্যায়ে কার্যক্রম চালানোর জন্য বিশেষ সুবিধা প্রদান করবে।



