tanaka
প্রচ্ছদজাতীয়নিরাপত্তা কাঠামো শক্তিশালী ও আধুনিকায়নেকাজ করবে সরকার: প্রধানমন্ত্রী

নিরাপত্তা কাঠামো শক্তিশালী ও আধুনিকায়নেকাজ করবে সরকার: প্রধানমন্ত্রী

পিলখানা হত্যাকাণ্ডকে রাষ্ট্রীয় মর্যাদায় স্মরণ করা সরকারের নৈতিক দায়িত্ব বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

বুধবার (২৫ ফেব্রুয়ারি) সেনানিবাসের মাল্টিপারপাস হলে বিডিআর হত্যাকাণ্ডের শহীদ দিবস উপলক্ষে আয়োজিত এক আলোচনা সভায় তিনি এ কথা বলেন।

প্রধানমন্ত্রী তার বক্তব্যে বলেন, শুধু জনপ্রতিনিধি হিসেবেই নয়, একজন সেনা পরিবারের সদস্য হিসেবেও আজ তিনি এই অনুষ্ঠানে উপস্থিত হয়েছেন। দেশে ফিরে প্রথমেই শহীদদের কবর জিয়ারত করতে গিয়ে তিনি উপলব্ধি করেছেন, গত ১৭ বছর ধরে শহীদ পরিবারের সদস্যরা কতটা বেদনা ও বঞ্চনার মধ্যে সময় কাটিয়েছেন এবং ন্যায়বিচারের আশায় দ্বারে দ্বারে ঘুরেছেন।

পিলখানা ট্র্যাজেডিকে জাতীয় নিরাপত্তার জন্য একটি বড় ধাক্কা হিসেবে উল্লেখ করে তিনি বলেন, ওই ঘটনা রাষ্ট্রের নিরাপত্তা ব্যবস্থার দুর্বলতাকে স্পষ্টভাবে সামনে নিয়ে এসেছে। সেনাবাহিনী দেশের সার্বভৌমত্বের প্রতীক— সেই বাহিনীর ওপর এই নৃশংস হামলা ছিল রাষ্ট্রের ভিত নড়বড়ে করে দেওয়ার এক জঘন্য অপচেষ্টা।

প্রধানমন্ত্রী তারেক রহমান আরও বলেন, ভবিষ্যতে যেন এ ধরনের মর্মান্তিক ঘটনার পুনরাবৃত্তি না ঘটে, সে লক্ষ্যে জাতীয় নিরাপত্তা কাঠামোকে আরও শক্তিশালী ও আধুনিক করতে সরকার প্রয়োজনীয় পদক্ষেপ নেবে। তিনি শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা জানান এবং তাদের পরিবারের সদস্যদের ধৈর্য, ত্যাগ ও সাহসিকতার প্রশংসা করেন।