tanaka
প্রচ্ছদজাতীয়নিয়োগপত্রের দাবিতে শাহবাগে প্রাথমিকের নিয়োগবঞ্চিত প্রার্থীদের অবস্থান

নিয়োগপত্রের দাবিতে শাহবাগে প্রাথমিকের নিয়োগবঞ্চিত প্রার্থীদের অবস্থান

নিয়োগপত্রের দাবিতে রাজধানীর শাহবাগে অবস্থান নিয়েছেন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক পদে চূড়ান্তভাবে সুপারিশপ্রাপ্ত একদল প্রার্থী। দ্রুত নিয়োগপত্র প্রদান এবং নির্ধারিত সময়ে যোগদানের সুযোগ দেওয়ার দাবিতে রোববার (২৭ সেপ্টেম্বর) বেলা ১১টার পর ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকা থেকে মিছিল নিয়ে শাহবাগ থানার সামনের সড়কে অবস্থান নেন তারা।

এর আগে সকাল থেকেই আন্দোলনকারীরা ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় লাইব্রেরির সামনে জড়ো হন। পরে সেখান থেকে মিছিল নিয়ে শাহবাগে এসে সড়কে অবস্থান নেন তারা। বেলা ১১টা থেকে সেখানে অবস্থান কর্মসূচি পালন করছেন প্রার্থীরা।

নিয়োগপত্রের দাবিতে আন্দোলনরত প্রার্থীরা ‘সারা বাংলাদেশের নিয়োগপত্র বঞ্চিত শিক্ষকবৃন্দ’ নামে একটি প্ল্যাটফর্ম গঠন করেছেন। শনিবার (২৬ সেপ্টেম্বর) রাতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্য থেকে রোববারের কর্মসূচি ঘোষণা করা হয়।

প্ল্যাটফর্মটির পক্ষ থেকে জানানো হয়েছে, ২০২৫ ব্যাচে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক পদে ১৪ হাজার ৩৮৪ জন প্রার্থীকে চূড়ান্তভাবে সুপারিশ করা হয়েছিল। ভেরিফিকেশন শেষে তাদের মধ্যে অন্তত ২ হাজার প্রার্থীকে নিয়োগপত্র দেওয়া হয়নি। তবে আন্দোলনকারীদের দেওয়া বিজ্ঞপ্তিতে এ সংখ্যা ২ হাজার ৫০০-এর বেশি বলেও উল্লেখ করা হয়েছে।

আন্দোলনকারীদের দাবি, চূড়ান্ত সুপারিশ পাওয়ার পর প্রায় আট মাস বেকার থাকার পর ভেরিফিকেশনের মাধ্যমে তাদের একটি অংশকে নিয়োগপত্র থেকে বঞ্চিত করা হয়েছে। তাদের ভাষ্য, যেসব প্রার্থী ফৌজদারি অপরাধ, রাষ্ট্রবিরোধী কার্যক্রম কিংবা সনদ জালিয়াতির সঙ্গে জড়িত নন এবং নিয়োগের জন্য যোগ্য, তাদের সরকারি চাকরির বিধিমালা অনুযায়ী নিয়োগপত্র দেওয়া উচিত।

কেন ২ হাজার ৫০০-এর বেশি প্রার্থীকে নিয়োগ থেকে বাদ দেওয়া হয়েছে, সে বিষয়ে স্পষ্ট কোনো কারণ জানানো হয়নি বলেও অভিযোগ আন্দোলনকারীদের। একই সঙ্গে নিয়োগের দায়িত্ব কোন কর্তৃপক্ষের, তা নিয়েও সংশ্লিষ্ট দপ্তরগুলোর মধ্যে সমন্বয়হীনতা রয়েছে বলে দাবি করেছেন তারা।

আন্দোলনকারীদের অভিযোগ, প্রাথমিক শিক্ষা অধিদপ্তর নিয়োগের দায়িত্ব মন্ত্রণালয়ের বলে জানাচ্ছে। অন্যদিকে মন্ত্রণালয় জেলা শিক্ষা অফিসের কথা বলছে, আবার জেলা শিক্ষা অফিস দায়িত্ব অধিদপ্তরের বলে উল্লেখ করছে।

এ অবস্থায় নতুন করে ভেরিফিকেশনের নামে সময়ক্ষেপণ না করে যোগ্য প্রার্থীদের দ্রুত নিয়োগপত্র দেওয়ার দাবি জানিয়েছেন আন্দোলনকারীরা। তাদের দাবি, ২৭ সেপ্টেম্বরের মধ্যেই নিয়োগপত্র প্রদান এবং আগামী ১ অক্টোবর সব যোগ্য প্রার্থীকে একসঙ্গে কর্মস্থলে যোগদানের সুযোগ দিতে হবে।

দাবি বাস্তবায়ন না হলে আন্দোলন অব্যাহত রাখার ঘোষণা দিয়েছেন নিয়োগবঞ্চিত প্রার্থীরা। এদিকে সমস্যা সমাধানে আন্দোলনকারীদের পক্ষ থেকে ১০ সদস্যের একটি প্রতিনিধি দল সচিবালয়ের উদ্দেশে গেছে বলে জানানো হয়েছে।