এশিয়া কাপের গ্রুপ ‘এ’-এর পাকিস্তান–আমিরাত ম্যাচটি আজ (১৭ সেপ্টেম্বর) বাংলাদেশ সময় সন্ধ্যা সাড়ে আটটায় শুরু হওয়ার কথা ছিল। কিন্তু নির্ধারিত সময়ে হোটেল থেকে মাঠে না যাওয়ায় পাকিস্তান দলকে ঘিরে অনিশ্চয়তার সৃষ্টি হয়।
ঘটনার সূত্রপাত ১৪ সেপ্টেম্বর ভারতের বিপক্ষে ম্যাচে। টস ও ম্যাচ শেষে পাকিস্তান ক্রিকেটারদের সঙ্গে হাত মেলেনি ভারতের খেলোয়াড়রা। এ নিয়ে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি) অভিযোগ তোলে যে ম্যাচ রেফারি অ্যান্ডি পাইক্রফট নিয়ম ভেঙেছেন এবং তাকে অপসারণ করা উচিত। তবে আইসিসি অভিযোগ আমলে নেয়নি, ফলে পাকিস্তানের এশিয়া কাপ থেকে সরে দাঁড়ানোর গুঞ্জন ছড়ায়।
পরে জানানো হয়, ম্যাচটি এক ঘণ্টা পিছিয়ে রাত সাড়ে নয়টায় শুরু হবে। লাহোরে পিসিবি মুখপাত্র আমির মীর জানান, বোর্ড চেয়ারম্যান মহসিন নাকভি এবং সাবেক প্রধান রমিজ রাজা ও নাজাম শেঠি দুবাইয়ের সঙ্গে যোগাযোগ করছেন।
অবশেষে পাকিস্তান দল হোটেল থেকে বের হয়ে দুবাই আন্তর্জাতিক স্টেডিয়ামের পথে রওনা দেয়। টুইটে পিসিবি চেয়ারম্যান নাকভি নিশ্চিত করেছেন, দলকে মাঠে যেতে নির্দেশ দেওয়া হয়েছে।
পিসিবি পক্ষপাতিত্বের অভিযোগে ম্যাচ রেফারি অপসারণ চাইলেও আইসিসি তা নাকচ করে দিয়েছে। এমনকি পরবর্তী ই-মেইল অভিযোগও প্রত্যাখ্যাত হয়েছে।



