tanaka
প্রচ্ছদজাতীয়নাকের হাড় ভেঙেছে নুরের, অবস্থা স্থিতিশীল: ঢামেক পরিচালক

নাকের হাড় ভেঙেছে নুরের, অবস্থা স্থিতিশীল: ঢামেক পরিচালক

গণ অধিকার পরিষদের সভাপতি ও ডাকসুর সাবেক ভিপি নুরুল হক নুরের নাকের হাড় ভেঙে গেছে। বর্তমানে তার শারীরিক অবস্থা স্থিতিশীল রয়েছে বলে জানিয়েছে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতাল (ঢামেক) কর্তৃপক্ষ।

আজ শনিবার সকালে ঢামেক পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মো. আসাদুজ্জামান সাংবাদিকদের জানান, নুরের নাকের হাড় ভাঙার পাশাপাশি চোখের ওপরে আঘাত ও মাথায় সামান্য রক্তক্ষরণ হয়েছে। আহত অবস্থায় তাকে রাতে হাসপাতালে আনা হলে প্রাথমিক চিকিৎসা শেষে ওয়ান স্টপ ইমার্জেন্সি সেন্টারে (ওসেক) রাখা হয় এবং পরে আইসিইউতে স্থানান্তর করা হয়।

পরিচালক জানান, পাঁচটি বিভাগের বিশেষজ্ঞ চিকিৎসকদের সমন্বয়ে একটি মেডিক্যাল বোর্ড গঠন করা হয়েছে এবং তাদের পরামর্শ অনুযায়ী চিকিৎসা চলছে। তিনি বলেন, “বর্তমানে নুরের অবস্থা স্থিতিশীল। তবে ৪৮ ঘণ্টা পার না হওয়া পর্যন্ত একে শঙ্কামুক্ত বলা যাবে না। মস্তিষ্কে যে রক্তক্ষরণ হয়েছে, তা ওষুধে সেরে যাবে বলে আশা করছি।”

ছয় সদস্যবিশিষ্ট মেডিক্যাল বোর্ডে রয়েছেন ঢামেক পরিচালকসহ অ্যানেস্থেশিয়া, ক্যাজুয়ালটি, নাক-কান-গলা, নিউরোসার্জারি ও চক্ষু বিভাগের একজন করে চিকিৎসক।

উল্লেখ্য, গতকাল শুক্রবার সন্ধ্যায় রাজধানীর কাকরাইলে জাতীয় পার্টি (জাপা) ও গণ অধিকার পরিষদের কর্মীদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। জাপার কার্যালয়ের সামনে দিয়ে গণ অধিকার পরিষদের মিছিল যাওয়ার সময় এই সংঘর্ষ শুরু হয়। পরে আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর লাঠিচার্জে নুরুল হক নুরসহ বেশ কয়েকজন আহত হন।