tanaka
প্রচ্ছদসারাদেশভোলায় ছাত্রলীগ নেতাকে কুপিয়ে হত্যা, মরদেহ মিললো বাড়ির সামনে

ভোলায় ছাত্রলীগ নেতাকে কুপিয়ে হত্যা, মরদেহ মিললো বাড়ির সামনে

ভোলায় এক ছাত্রলীগ নেতাকে নৃশংসভাবে হত্যা করে মরদেহ বাড়ির সামনে ফেলে গেছে দুর্বৃত্তরা। শনিবার (৩০ আগস্ট) সকাল ৯টার দিকে পুলিশ নিহতের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠায়।

নিহত মো. সাইফুল্লাহ আরিফ (২৮) ভোলা পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডের মসজিদে নববী সংলগ্ন এলাকার মো. বশির মাস্টারের ছেলে। তিনি ভোলা সদর উপজেলা ছাত্রলীগের সহসভাপতি ছিলেন।

নিহতের পরিবার জানায়, শুক্রবার রাতে আরিফ বাসায় ছিলেন। রাতের খাবার খেয়ে সবাই ঘুমিয়ে পড়েন। শনিবার ভোরে ফজরের নামাজ পড়তে আরিফের বাবা বাইরে বের হলে ঘরের সামনে ছেলের রক্তাক্ত মরদেহ পড়ে থাকতে দেখেন। তার চিৎকারে স্থানীয়রা ছুটে আসেন।

আরিফের বাবা-মা জানান, তাকে ঘর থেকে ডেকে নিয়ে কুপিয়ে ও ভারী বস্তু দিয়ে আঘাত করে হত্যা করা হয়েছে। তারা হত্যাকারীদের দ্রুত শনাক্ত করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।

ভোলা মডেল থানার পরিদর্শক (তদন্ত) শংকর তালুকদার জানান, মরদেহে দুটি গভীর আঘাতের চিহ্ন রয়েছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, ভারী কোনো বস্তু দিয়ে তাকে হত্যা করা হয়েছে। ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর সঠিক কারণ জানা যাবে। তদন্ত চলমান রয়েছে।