নরসিংদীর রায়পুরার মেথিকান্দা রেলস্টেশনে হামলা ও লুটের শিকার হয়ে মারা যাওয়া বাকপ্রতিবন্ধী পরিচ্ছন্নতাকর্মী ববি বেগমের (৭০) মৃত্যুর ঘটনায় জড়িত থাকার অভিযোগে ছয়জনকে গ্রেফতার করেছে র্যাব-১১। প্রাথমিকভাবে গ্রেফতারদের নাম-পরিচয় জানায়নি র্যাব।
শুক্রবার (১০ জুলাই) দুপুরে র্যাব-১১-এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ মাসুদ পারভেজ গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেন।তিনি বলেন, ববি বেগমের ওপর হামলা ও লুটের ঘটনায় জড়িত ছয়জনকে গ্রেফতার করা হয়েছে। এ বিষয়ে শুক্রবার বিকেলে রাজধানীর কারওয়ান বাজারে র্যাব মিডিয়া সেন্টারে সংবাদ সম্মেলন করে বিস্তারিত জানানো হবে।
গত ৪ জুলাই গভীর রাতে মেথিকান্দা রেলস্টেশনের একটি পরিত্যক্ত কক্ষে ঢুকে দুর্বৃত্তরা ববি বেগমের ওপর হামলা চালায়। এ সময় তাকে মারধর করে তার দীর্ঘদিনের সঞ্চিত প্রায় ৪০ হাজার টাকা লুট করে নিয়ে যায় বলে অভিযোগ রয়েছে। পরে স্টেশনের কর্মীরা তাকে উদ্ধার করে রায়পুরা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। প্রাথমিক চিকিৎসা শেষে তাকে আবার স্টেশনে ফিরিয়ে আনা হয়।



