tanaka

জন্মদিনে তারেক রহমানের শুভেচ্ছা, ধন্যবাদ জানালেন নরেন্দ্র মোদি

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে জন্মদিনের শুভেচ্ছা জানিয়েছেন বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমান। শুভেচ্ছার জবাবে বাংলাদেশের প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানিয়েছেন নরেন্দ্র মোদি। বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) রাতে প্রধানমন্ত্রীর কার্যালয়ের...
প্রচ্ছদরাজনীতি‘নতুন বাংলাদেশ’ বিনির্মাণে ঐক্যই হবে রাজনীতির মূল ভিত্তি: জামায়াত আমির

‘নতুন বাংলাদেশ’ বিনির্মাণে ঐক্যই হবে রাজনীতির মূল ভিত্তি: জামায়াত আমির

আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রেক্ষাপটে বাংলাদেশের নতুন ভবিষ্যত নির্মাণে রাজনৈতিক, অর্থনৈতিক ও সামাজিক ক্ষেত্রে সুদূরপ্রসারী দৃষ্টিভঙ্গি তুলে ধরেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান।

তিনি বলেন, ভবিষ্যতের বাংলাদেশ হবে বৈষম্যহীন, স্বচ্ছ ও মানবিক রাষ্ট্র, যেখানে বিভাজন নয়, বরং আশা, নিরাময় ও ঐক্যই রাজনীতির মূল ভিত্তি।

মঙ্গলবার (২০ জানুয়ারি) রাজধানীর একটি হোটেলে অনুষ্ঠিত জামায়াতে ইসলামী পলিসি সামিট–২০২৬-এ প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি। সকাল ৯টায় কুরআন তেলাওয়াতের মাধ্যমে শুরু হওয়া সামিটে দেশের বিশিষ্ট চিন্তাবিদ, নীতিনির্ধারক, কূটনৈতিক প্রতিনিধি, রাজনৈতিক নেতা, ব্যবসায়ী, পেশাজীবী ও গণমাধ্যম ব্যক্তিরা অংশ নেন।

ডা. শফিকুর রহমান বলেন, জামায়াতে ইসলামী এমন একটি রাষ্ট্রের স্বপ্ন দেখে যেখানে আধুনিক বাজার অর্থনীতি কার্যকর, প্রশাসনিক কাঠামো স্বচ্ছ ও জবাবদিহিমূলক, এবং ধর্ম-বর্ণ-লিঙ্গ নির্বিশেষে প্রতিটি নাগরিক সমান সুযোগ পাবে। তিনি উল্লেখ করেন, উন্নয়ন তখনই টেকসই হয়, যখন তা ন্যায়, স্বচ্ছতা ও নৈতিকতার ওপর ভিত্তি করে গড়ে তোলা হয়।

নারীর ক্ষমতায়ন বিষয়ে তিনি বলেন, নতুন বাংলাদেশে নারীরা সমান নাগরিক হিসেবে তাদের সম্ভাবনা পূর্ণভাবে বিকশিত করতে পারবে। প্রাথমিক থেকে বিশ্ববিদ্যালয় পর্যায় পর্যন্ত শিক্ষায় সমান অধিকার নিশ্চিত করা হবে, এবং সামাজিক, অর্থনৈতিক ও রাজনৈতিক ক্ষেত্রে কোনো বৈষম্য বরদাশত করা হবে না।

তরুণদের দেশের প্রবৃদ্ধির প্রধান ‘ইঞ্জিন’ হিসেবে উল্লেখ করে জামায়াত আমির বলেন, নতুন বাংলাদেশের শাসন ব্যবস্থায় যুব কর্মসংস্থান সর্বোচ্চ অগ্রাধিকার পাবে। কর্মসংস্থানহীন তরুণ সমাজ কোনো দেশের জন্য বড় ঝুঁকি, আর কর্মক্ষম তরুণ সমাজই রাষ্ট্রকে এগিয়ে নিতে সক্ষম।

ডা. শফিকুর রহমান আরও বলেন, কোনো সরকার যেন রাষ্ট্রীয় সম্পদ বা অর্থনৈতিক ব্যবস্থাকে ব্যক্তিগত বা দলীয় স্বার্থে ব্যবহার করতে না পারে—এ বিষয়ে জামায়াতে ইসলামী আপসহীন থাকবে। দুর্নীতি, লুটপাট ও স্বজনপ্রীতির সংস্কৃতি রাষ্ট্রকে ভেতর থেকে দুর্বল করে দেয়, এবং আন্তর্জাতিক মানদণ্ড অনুযায়ী স্বচ্ছতা ছাড়া প্রকৃত উন্নয়ন সম্ভব নয়।

তিনি আশ্বাস দেন, জাতি, ধর্ম বা লিঙ্গ নির্বিশেষে প্রতিটি নাগরিকের অধিকার রক্ষায় তাদের দল সতর্ক প্রহরীর ভূমিকা পালন করবে। পাশাপাশি, বাংলাদেশকে আঞ্চলিক ও বৈশ্বিক পর্যায়ে একটি নির্ভরযোগ্য ও বিশ্বাসযোগ্য অংশীদার হিসেবে গড়ে তোলার প্রতিজ্ঞা ব্যক্ত করেন।

সামিটে উপস্থিত বিশেষজ্ঞ ও বুদ্ধিজীবীদের ধন্যবাদ জানিয়ে জামায়াত আমির বলেন, বর্তমান সময় বিভাজনের নয়, বরং সুন্দর ভবিষ্যতের জন্য ঐক্যবদ্ধ হওয়ার। তিনি স্থানীয়, আঞ্চলিক ও আন্তর্জাতিক পর্যায়ে সবাইকে একসঙ্গে কাজ করার আহ্বান জানান এবং উল্লেখ করেন, ঐক্যের মধ্য দিয়েই একটি সমৃদ্ধ, মানবিক ও ন্যায়ভিত্তিক বাংলাদেশ গড়ে তোলা সম্ভব।