tanaka
প্রচ্ছদজাতীয়নতুন বাংলাদেশ গড়তে চাই, যেখানে সবার জন্য সমান অধিকার থাকবে: ড. মুহাম্মদ...

নতুন বাংলাদেশ গড়তে চাই, যেখানে সবার জন্য সমান অধিকার থাকবে: ড. মুহাম্মদ ইউনূস

অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস বলেছেন, “আমরা এমন এক বাংলাদেশ গড়তে চাই, যেখানে প্রতিটি নাগরিকের জন্য সমান অধিকার ও মর্যাদা নিশ্চিত হবে।”

মঙ্গলবার (১৬ সেপ্টেম্বর) ঢাকেশ্বরী জাতীয় মন্দির পরিদর্শনে গিয়ে তিনি বলেন, “নিরাপত্তা বাহিনীর বেষ্টনিতে নয়, আমরা চাই সবাই স্বাধীনভাবে নিজ নিজ ধর্ম পালন করুক। নিজেদের মধ্যে বিভক্ত হলে জাতি হিসেবে আমরা ব্যর্থ হবো, আর আমরা ব্যর্থতা চাই না।”

তিনি আরও বলেন, “বাংলাদেশকে এমন একটি উদাহরণমূলক রাষ্ট্রে রূপ দিতে চাই, যেখানে ধর্মীয় উৎসব উদযাপন হবে সম্পূর্ণ স্বাধীনভাবে, কারো ভয়ের মধ্যে নয়।”

রাষ্ট্রের দায়িত্বের কথা স্মরণ করিয়ে ড. ইউনূস বলেন, “ধর্মীয় পার্থক্য থাকলেও রাষ্ট্রের চোখে সব নাগরিক সমান। সব ধর্মকে সমান মর্যাদা দিতে রাষ্ট্র বাধ্য।”

বিশ্বে অনুকরণীয় এক বাংলাদেশ গড়ার প্রত্যয় জানিয়ে তিনি বলেন, “এই লক্ষ্য পূরণে সব ধর্মের মানুষকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।”

এর আগে সোমবার বিকেলে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় পূজা উদযাপন পরিষদের নেতাদের সঙ্গে সাক্ষাৎ করেন প্রধান উপদেষ্টা। আসন্ন দুর্গাপূজাকে কেন্দ্র করে তারা তাঁকে পূজামণ্ডপ পরিদর্শনের আমন্ত্রণ জানান।

ড. ইউনূস বলেন, “আপনাদের সঙ্গে দেখা করার ইচ্ছা সবসময়ই থাকে, তবে সুযোগ হয় না। পূজার সময় অন্তত সামনাসামনি কথা বলার সুযোগ হয়, এটা আনন্দের বিষয়।” এসময় তিনি দুর্গাপূজার প্রস্তুতি ও সার্বিক অবস্থা সম্পর্কে খোঁজ নেন।