নতুন জাতীয় পে-স্কেলে বেতন বৈষম্য দূরীকরণ এবং জীবনযাত্রার ন্যূনতম চাহিদা পূরণের লক্ষ্যে ১:৪ অথবা ১:৬ অনুপাতে বেতন কাঠামো নির্ধারণের দাবি জানিয়েছেন সরকারি চাকরিজীবীরা। একই সঙ্গে তারা বর্ধিত ও সুনির্দিষ্ট ভাতার দাবিও তুলেছেন।
এই দাবিসমূহ সামনে রেখে আগামী শুক্রবার জাতীয় প্রেস ক্লাবে এক সংবাদ সম্মেলনের আয়োজন করতে যাচ্ছে ‘১১-২০ গ্রেড সরকারি চাকরিজীবী ফোরাম’। ইতোমধ্যে সংগঠনটি প্রেস ক্লাবের হলরুম বুক করেছে।
ফোরামের নেতারা জানান, সংবাদ সম্মেলনে তারা যেসব দাবি তুলে ধরবেন তার মধ্যে রয়েছে—
- বৈষম্যমুক্ত নতুন পে-স্কেল ঘোষণা
- পূর্বে বাতিলকৃত টাইম স্কেল ও সিলেকশন গ্রেড পুনর্বহাল
- এক ও অভিন্ন নিয়োগবিধি বাস্তবায়ন
- বাজার পরিস্থিতি বিবেচনায় বিদ্যমান ভাতা পুনর্নির্ধারণ
- শতভাগ পেনশন প্রবর্তন
এছাড়া, বর্তমান ২০টি গ্রেড ভেঙে ১২ থেকে ১৫টি গ্রেডে পুনর্গঠন করার দাবিও জানানো হবে।
ফোরামের সাধারণ সম্পাদক মাহমুদুল হাসান জানান, “আমরা ন্যায্যতার ভিত্তিতে এমন একটি পে-স্কেল চাই, যেখানে বেতন বৈষম্য থাকবে না। আমাদের প্রস্তাব অনুযায়ী সর্বোচ্চ বেতন ১ লাখ ২৮ হাজার টাকা এবং সর্বনিম্ন ৩২ হাজার টাকা নির্ধারণ করা যেতে পারে।”
সংগঠনটি আগামী ৩১ ডিসেম্বরের মধ্যে এসব দাবি বাস্তবায়নের জন্য সময়সীমা বেঁধে দেবে বলে জানানো হয়েছে।



