tanaka

তিনবেলা খাবার জুটত না, এখন শাহরুখ সেজে আয় ৫ লাখ রুপি!

একসময় সাইনবোর্ড আঁকাই ছিল জীবিকা নির্বাহের প্রধান অবলম্বন। অনিয়মিত আয়ের কারণে সংসার চালানোও ছিল কঠিন। কিন্তু চেহারায় বলিউড তারকা শাহরুখ খানের সঙ্গে অদ্ভুত মিলই...
প্রচ্ছদটপ নিউজদেশ পুনর্গঠনে ষড়যন্ত্র মোকাবিলায় সবাইকে সজাগ থাকার আহ্বান প্রধানমন্ত্রীর

দেশ পুনর্গঠনে ষড়যন্ত্র মোকাবিলায় সবাইকে সজাগ থাকার আহ্বান প্রধানমন্ত্রীর

দেশ পুনর্গঠনের পাশাপাশি যেকোনো ষড়যন্ত্র মোকাবিলায় রাজনৈতিক দল ও জনগণকে সজাগ থাকার আহ্বান জানিয়েছেন বিএনপির চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি বলেছেন, আন্দোলন-সংগ্রাম ও রাজনৈতিক বিতর্কের সময় পেরিয়ে এখন দেশের উন্নয়ন ও জনগণের প্রত্যাশা পূরণে একযোগে কাজ করার সময়।

মঙ্গলবার (৪ আগস্ট) বিকেলে রাজধানীর কৃষিবিদ ইনস্টিটিউশন বাংলাদেশ (কেআইবি) মিলনায়তনে বিএনপি আয়োজিত ‘গণতন্ত্র আদায়ে ১৭ বছরের অনিবার সংগ্রাম ও রক্তঝরা জুলাই জাগরণ’ শীর্ষক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

প্রধানমন্ত্রী বলেন, “অনেক কথা হয়েছে, আন্দোলন-সংগ্রাম হয়েছে, তর্ক-বিতর্ক হয়েছে। এখন সময় দেশ পুনর্গঠনের, দেশকে এগিয়ে নেওয়ার। একই সঙ্গে ধৈর্য ও ঠান্ডা মাথায় যারা ষড়যন্ত্র করতে চায়, তাদের বিষয়ে সতর্ক থাকতে হবে এবং জনগণকেও সচেতন করতে হবে।”

রাজনৈতিক দলগুলোর প্রতি আহ্বান জানিয়ে তিনি বলেন, সরকার জনগণের সামনে দেশের উন্নয়ন ও পুনর্গঠনের যে পরিকল্পনা তুলে ধরেছে, তা ধাপে ধাপে বাস্তবায়ন করা হবে। জনগণের প্রত্যাশা পূরণই সরকারের প্রধান লক্ষ্য।

তিনি বলেন, দেশের মানুষ এখন বাস্তব পরিবর্তন দেখতে চায়। তারা শান্তিপূর্ণ পরিবেশ, মানসম্মত শিক্ষা, উন্নত চিকিৎসা, নিরাপত্তা এবং সময়মতো রাজনৈতিক অধিকার প্রয়োগের নিশ্চয়তা প্রত্যাশা করে। এসব প্রত্যাশা পূরণে সরকার কাজ করে যাবে।

জুলাই-আগস্টের আন্দোলনের প্রসঙ্গ তুলে প্রধানমন্ত্রী বলেন, এটি ছিল সম্পূর্ণ জনগণের আন্দোলন। জনগণের সক্রিয় অংশগ্রহণের কারণেই সেই আন্দোলন সফল হয়েছে।

তিনি বলেন, “এই আন্দোলনের কৃতিত্ব কোনো একক ব্যক্তি বা রাজনৈতিক দলের নয়; এটি দেশের সর্বস্তরের মানুষের অর্জন। গত ১৭ বছর বিএনপি, গণতন্ত্রে বিশ্বাসী বিভিন্ন রাজনৈতিক দল এবং সাধারণ মানুষ ফ্যাসিবাদবিরোধী আন্দোলনে রাজপথে ছিল। আমরা কখনো জনগণকে একা রেখে মাঠ ছেড়ে যাইনি।”

জুলাই আন্দোলনে শহীদদের আত্মার মাগফিরাত কামনা করে তিনি বলেন, আন্দোলনে নিহত ও ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর পাশে সরকার সামর্থ্য অনুযায়ী থাকবে এবং প্রয়োজনীয় সহায়তা প্রদান করবে।

প্রধানমন্ত্রী আরও বলেন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার উন্নয়নধারা অব্যাহত রাখার লক্ষ্যেই সরকার কাজ করছে। রাজনৈতিক বিতর্কে অতিরিক্ত সময় ব্যয় না করে জনগণের কল্যাণে কাজ করাই সরকারের অঙ্গীকার।

তরুণদের উদ্দেশে তিনি বলেন, মাদকাসক্তি থেকে তাদের দূরে রাখতে খেলাধুলা, বিজ্ঞানচর্চা ও সাংস্কৃতিক কর্মকাণ্ডে অংশগ্রহণের সুযোগ আরও বাড়াতে হবে। শিশু-কিশোরদের প্রতিভা বিকাশের সুযোগ সৃষ্টি করা গেলে তারা ইতিবাচক কর্মকাণ্ডে যুক্ত হবে এবং সমাজও উপকৃত হবে।

বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সভাপতিত্বে এবং দলের প্রচার সম্পাদক সুলতান সালাহ উদ্দিন টুকুর সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় বিএনপির স্থায়ী কমিটির সদস্যসহ বিভিন্ন রাজনৈতিক দলের শীর্ষ নেতারা উপস্থিত ছিলেন।