দেশের স্বার্থ নিয়ে আর কাউকে ছিনিমিনি খেলতে দেওয়া হবে না বলে মন্তব্য করেছেন মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আহমেদ আজম খান। তিনি বলেছেন, প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে বর্তমান সরকার একটি গণতান্ত্রিক, স্থিতিশীল ও সমৃদ্ধ বাংলাদেশ গড়ে তুলতে কাজ করে যাচ্ছে।
শনিবার (১৫ আগস্ট) রাজধানীর জাতীয় প্রেস ক্লাবে প্রয়াত বেগম খালেদা জিয়ার ৮২তম জন্মদিন উপলক্ষে আয়োজিত দোয়া ও আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। বেগম খালেদা জিয়া স্মৃতি ফাউন্ডেশনের উদ্যোগে অনুষ্ঠানটির আয়োজন করা হয়।
আহমেদ আজম খান বলেন, গত ১৮ বছরে তৈরি হওয়া নানা সংকট, অনিয়ম ও দুর্নীতির প্রভাব অল্প সময়ের মধ্যে দূর করা সম্ভব নয়। মাত্র পাঁচ মাসের মধ্যে দীর্ঘদিনের সমস্যাগুলোর সমাধান প্রত্যাশা করা বাস্তবসম্মত নয় বলেও মন্তব্য করেন তিনি।
তার দাবি, সরকারকে ব্যর্থ প্রমাণ করতে বিরোধী পক্ষ স্বল্প সময়ের মধ্যেই নানা ধরনের প্রচারণা চালাচ্ছে। একই সঙ্গে উসকানিমূলক বক্তব্য ও কর্মকাণ্ডের মাধ্যমে দেশে অস্থিতিশীল পরিস্থিতি তৈরির চেষ্টা করা হচ্ছে বলেও অভিযোগ করেন তিনি। এ ধরনের কর্মকাণ্ড থেকে বিরত থেকে রাজনৈতিক দলগুলোকে ধৈর্য ও দায়িত্বশীলতার সঙ্গে কাজ করার আহ্বান জানান মন্ত্রী।
মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী বলেন, রাজনৈতিক কারণে পূর্ববর্তী সময়ে যেসব প্রকৃত মুক্তিযোদ্ধা সরকারি তালিকা থেকে বাদ পড়েছেন, তাদের বিষয়ে পুনরায় যাচাই-বাছাই করা হচ্ছে। যোগ্য ব্যক্তিদের নতুন করে মুক্তিযোদ্ধার স্বীকৃতি দেওয়ার প্রক্রিয়াও চলছে বলে জানান তিনি।
এ ছাড়া জুলাই গণঅভ্যুত্থানের যোদ্ধাদের গেজেটভুক্ত করার প্রক্রিয়াও পুনরায় চালু করা হয়েছে বলে উল্লেখ করেন আহমেদ আজম খান। তার ভাষ্য অনুযায়ী, পূর্ববর্তী সময়ে বন্ধ হয়ে যাওয়া এই প্রক্রিয়ায় নতুন করে আবেদন ও যাচাইয়ের সুযোগ দেওয়া হচ্ছে।
তিনি আরও জানান, গত ১৮ বছরে গুম, খুন ও নির্যাতনের শিকার হওয়া রাজনৈতিক নেতাকর্মীদের পরিবারকে মূল্যায়ন এবং তাদের গেজেটভুক্ত করার লক্ষ্যে শিগগিরই একটি নতুন অধিদপ্তর প্রতিষ্ঠার উদ্যোগ নেওয়া হয়েছে।
অনুষ্ঠানে দলের নেতাকর্মীদের উদ্দেশে তিনি বলেন, ব্যক্তিগত লবিং, গ্রুপিং ও বিভাজন বাদ দিয়ে দেশের স্বার্থকে অগ্রাধিকার দিতে হবে। বৃহত্তর রাজনৈতিক ঐক্য ধরে রেখে সবাইকে দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানান তিনি।
বেগম খালেদা জিয়া স্মৃতি ফাউন্ডেশনের সভাপতি এম জাহাঙ্গীর আলমের সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে বিএনপির চেয়ারম্যানের উপদেষ্টা মোয়াজ্জেম হোসেন আলাল, জাতীয় নির্বাহী কমিটির সদস্য আবু নাছের রহমতুল্লাহ, সংসদ সদস্য শিরিন আক্তারসহ দলের বিভিন্ন পর্যায়ের নেতারা বক্তব্য দেন।
আলোচনা সভা শেষে প্রয়াত বেগম খালেদা জিয়ার আত্মার মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়।



