tanaka

রাঙামাটি জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরে দুদকের অভিযান

রাঙামাটি জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরে দুদকের অভিযান
প্রচ্ছদশিক্ষাঙ্গনদেশে প্রতিষ্ঠিত হচ্ছে বিশ্ববিদ্যালয় শিক্ষক প্রশিক্ষণ একাডেমি

দেশে প্রতিষ্ঠিত হচ্ছে বিশ্ববিদ্যালয় শিক্ষক প্রশিক্ষণ একাডেমি

বিশ্ববিদ্যালয় শিক্ষকদের পেশাগত দক্ষতা ও শিক্ষাদানের মান বাড়াতে দেশে বিশ্ববিদ্যালয় শিক্ষক প্রশিক্ষণ একাডেমি প্রতিষ্ঠার উদ্যোগ নেওয়া হচ্ছে বলে জানিয়েছেন বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশনের (ইউজিসি) পাবলিক বিশ্ববিদ্যালয় ম্যানেজমেন্ট বিভাগের সদস্য অধ্যাপক ড. আব্দুল্লাহ-আল-মামুন।

তিনি বলেন, এ একাডেমি প্রতিষ্ঠিত হলে সরকারি ও বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের নিয়মিত পেশাগত উন্নয়নমূলক প্রশিক্ষণের সুযোগ তৈরি হবে। এর মাধ্যমে আধুনিক শিক্ষাদান পদ্ধতি, গবেষণা ও একাডেমিক দক্ষতা উন্নয়নে শিক্ষকদের জন্য একটি প্রাতিষ্ঠানিক প্ল্যাটফর্ম তৈরি হবে।

বুধবার (৩০ সেপ্টেম্বর) ঢাকা বিশ্ববিদ্যালয়ের নবাব নওয়াব আলী চৌধুরী সিনেট ভবনে বিশ্ববিদ্যালয়ের ইনস্টিটিউশনাল কোয়ালিটি অ্যাস্যুরেন্স সেল (আইকিউএসি) আয়োজিত ‘ইনডাকশন ওয়ার্কশপ ফর দ্য নিউলি রিক্রুটেড ফ্যাকাল্টি মেম্বার্স’ শীর্ষক কর্মশালায় মূল বক্তার বক্তব্যে তিনি এসব কথা বলেন।

শিক্ষকদের প্রশিক্ষণে প্রাতিষ্ঠানিক উদ্যোগ

শিক্ষা ব্যবস্থার সংস্কার ও মানোন্নয়নের প্রয়োজনীয়তা তুলে ধরে অধ্যাপক ড. আব্দুল্লাহ-আল-মামুন বলেন, বর্তমান সরকারের নির্বাচনী ইশতেহারে শিক্ষা খাতকে কর্মসংস্থানমুখী ও উৎপাদনশীল করার ওপর গুরুত্ব দেওয়া হয়েছে। এ লক্ষ্য অর্জনে শুধু শিক্ষার অবকাঠামোগত উন্নয়ন যথেষ্ট নয়; শিক্ষকতার গুণগত মান বৃদ্ধি, আধুনিক শিক্ষাদান পদ্ধতির প্রয়োগ, গবেষণার সক্ষমতা বাড়ানো এবং শিক্ষকদের নিয়মিত পেশাগত প্রশিক্ষণও জরুরি।

ইউজিসির এই সদস্য বলেন, বিশ্ববিদ্যালয় শিক্ষকদের জন্য ইতোমধ্যে বিভিন্ন প্রশিক্ষণ কার্যক্রম পরিচালিত হলেও স্বাধীনতার পর বিভিন্ন পেশাজীবীর জন্য প্রশিক্ষণকেন্দ্র গড়ে উঠলেও বিশ্ববিদ্যালয় শিক্ষকদের জন্য এ ধরনের কোনো প্রাতিষ্ঠানিক প্রশিক্ষণকেন্দ্র গড়ে ওঠেনি।

এই বাস্তবতায় শিক্ষকদের প্রশিক্ষণকে প্রাতিষ্ঠানিক কাঠামোর মধ্যে আনতে বিশ্ববিদ্যালয় শিক্ষক প্রশিক্ষণ একাডেমি প্রতিষ্ঠার কাজ এগিয়ে নেওয়া হচ্ছে। এ জন্য সরকার ইতোমধ্যে অর্থ বরাদ্দ দিয়েছে বলেও জানান তিনি।

থাকবে আধুনিক সুযোগ-সুবিধা

অধ্যাপক ড. মামুন বলেন, প্রস্তাবিত প্রশিক্ষণ একাডেমি শুধু প্রচলিত শ্রেণিকক্ষভিত্তিক প্রশিক্ষণের মধ্যে সীমাবদ্ধ থাকবে না। শিক্ষকদের পেশাগত উন্নয়নের পাশাপাশি তাঁদের জন্য সুইমিং, ড্রাইভিংসহ বিভিন্ন আধুনিক ও প্রয়োজনীয় সুযোগ-সুবিধা রাখা হবে। সমন্বিত পরিবেশে প্রশিক্ষণ গ্রহণের মাধ্যমে শিক্ষকরা যাতে নিজেদের দক্ষতা আরও উন্নত করতে পারেন, সে লক্ষ্যেই একাডেমিটি গড়ে তোলা হবে।

তিনি আরও বলেন, বর্তমান সরকারের নির্বাচনী ইশতেহারে শিক্ষা ব্যবস্থার আধুনিকায়নের পাশাপাশি থার্ড ল্যাঙ্গুয়েজ লার্নিং, ইন্ডাস্ট্রি-অ্যাকাডেমিয়া কোলাবোরেশন এবং ইন্টারন্যাশনালাইজেশন অব এডুকেশনের ওপর গুরুত্ব দেওয়া হয়েছে।

বিশেষ করে থার্ড ল্যাঙ্গুয়েজ লার্নিংয়ের মাধ্যমে শিক্ষার্থীদের দেশীয় ও আন্তর্জাতিক শ্রমবাজারে আরও বেশি সুযোগ তৈরির লক্ষ্য রয়েছে বলে জানান তিনি।

চালু হবে সামার স্কুল ও ফ্যাকাল্টি এক্সচেঞ্জ

শিক্ষা ব্যবস্থার উন্নয়নে দ্বিতীয় ধাপে সামার স্কুল প্রোগ্রাম ও ফ্যাকাল্টি এক্সচেঞ্জ প্রোগ্রাম চালুর পরিকল্পনার কথাও জানান ইউজিসির এই সদস্য।

তিনি বলেন, এসব কার্যক্রম চালু হলে দেশ-বিদেশের বিশ্ববিদ্যালয়গুলোর মধ্যে শিক্ষক ও শিক্ষার্থীদের জ্ঞান, অভিজ্ঞতা ও একাডেমিক সক্ষমতা বিনিময়ের সুযোগ আরও বাড়বে। একই সঙ্গে আন্তর্জাতিক পর্যায়ে দেশের বিশ্ববিদ্যালয়গুলোর সঙ্গে একাডেমিক যোগাযোগ সম্প্রসারণের সুযোগ তৈরি হবে।

বিশ্ববিদ্যালয়ে গড়ে উঠবে ইনোভেশন হাব

শিক্ষার্থীদের উদ্ভাবনী চিন্তা ও উদ্যোক্তা হওয়ার সক্ষমতা বাড়াতে বিশ্ববিদ্যালয়গুলোতে ইনোভেশন হাব গড়ে তোলার পরিকল্পনার কথাও জানান অধ্যাপক ড. আব্দুল্লাহ-আল-মামুন।

তিনি বলেন, নতুন ধারণা, গবেষণা ও উদ্ভাবনী প্রকল্প বাস্তবায়নে শিক্ষার্থীদের প্রয়োজনীয় সহযোগিতা ও অর্থায়নের সুযোগ তৈরি করা হবে। পাশাপাশি ইনোভেশন হাব, ইনকিউবেশন সেন্টার ও স্টার্টআপ ইকোসিস্টেম গড়ে তোলার উদ্যোগ নেওয়া হচ্ছে।

বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা যাতে উচ্চতর ডিগ্রি অর্জন, গবেষণা এবং আন্তর্জাতিক পর্যায়ে একাডেমিক কার্যক্রমে অংশ নিতে পারেন, সে জন্য সরকার আরও পদ সৃষ্টি, উচ্চশিক্ষার সুযোগ এবং বিভিন্ন ধরনের অনুদান ও সহায়তা দেওয়ার উদ্যোগ নিয়েছে বলেও জানান তিনি।

কর্মশালায় নতুন শিক্ষকদের অংশগ্রহণ

কর্মশালায় প্রধান অতিথি ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের একাডেমিক প্রো-ভাইস চ্যান্সেলর অধ্যাপক ড. আব্দুস সালাম। বিশেষ অতিথি ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের কলা অনুষদের ডিন অধ্যাপক ড. মো. আবুল কালাম সরকার। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইকিউএসি-এর পরিচালক অধ্যাপক ড. এস এম হাফিজুর রহমান।

দিনব্যাপী এ কর্মশালায় ঢাকা বিশ্ববিদ্যালয়ে সদ্য নিয়োগপ্রাপ্ত শিক্ষকরা অংশ নেন। কর্মশালায় নতুন শিক্ষকদের একাডেমিক দায়িত্ব, পেশাগত উন্নয়ন, মানসম্মত পাঠদান এবং বিশ্ববিদ্যালয় পর্যায়ের শিক্ষাব্যবস্থার বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করা হয়।