দুর্গাপূজার আর মাত্র কয়েক দিন বাকি। উৎসবকে সামনে রেখে মুক্তির অপেক্ষায় থাকা সিনেমাগুলোর প্রচারও চলছে জোরকদমে। এরই অংশ হিসেবে পশ্চিমবঙ্গের দুর্গাপুরে হাজির হয়েছিলেন টালিউডের জনপ্রিয় তারকা দীপক অধিকারী দেব ও অভিনেত্রী শুভশ্রী গাঙ্গুলি। তাদের উপস্থিতি, নাচ-গান আর উচ্ছ্বাসে প্রচারমঞ্চ জমে উঠলেও সামাজিক মাধ্যমে আলোচনার কেন্দ্রে এসেছে এই তারকা জুটির পুরোনো সম্পর্ক।
আগামী ১৫ অক্টোবর মুক্তি পাওয়ার কথা রয়েছে ‘দেশু ৭’ সিনেমাটির। এটি দেব ও শুভশ্রীর একসঙ্গে অভিনীত সপ্তম সিনেমা। অভিনয়ের পাশাপাশি সিনেমাটি পরিচালনাও করেছেন দেব।
দুর্গাপুরের প্রচারে দেব-শুভশ্রী
শিলিগুড়ি ও শ্রীরামপুরের পর দুর্গাপুরেও ‘দেশু ৭’-এর প্রচারে অংশ নেন দেব ও শুভশ্রী। মঞ্চে তাদের উপস্থিতি ও নাচ-গান দর্শক-ভক্তদের মধ্যে তৈরি করে ব্যাপক উন্মাদনা।
প্রচার অনুষ্ঠানে দেবের পরনে ছিল কালো টি-শার্ট ও জ্যাকেট। অন্যদিকে শুভশ্রীকে দেখা যায় কালো-সাদা পোলকা ডটের হল্টার-নেক মিডি ড্রেসে।
শুভশ্রীর পোশাকটি বিশেষভাবে নজর কাড়ে ফ্যাশনপ্রেমীদের। জনপ্রিয় ব্র্যান্ড ‘জারা’র এই পোশাকটির দাম ৪ হাজার ৯৫০ রুপি বলে গণমাধ্যমের প্রতিবেদনে জানানো হয়েছে।
পোশাক ছাপিয়ে আলোচনায় পুরোনো সম্পর্ক
তবে শুভশ্রীর পোশাকের চেয়েও সামাজিক মাধ্যমে বেশি আলোচনায় এসেছে দেব-শুভশ্রীর পুরোনো প্রেম ও বর্তমান সময়ের কেমিস্ট্রি।
২০০৯ সালে ‘চ্যালেঞ্জ’ সিনেমার মাধ্যমে জনপ্রিয় এই জুটির প্রেমের সম্পর্কের শুরু হয়। ২০১৩ সালে তাদের সেই সম্পর্কের ইতি ঘটে। বর্তমানে শুভশ্রী পরিচালক রাজ চক্রবর্তীর সঙ্গে বিবাহিত এবং দেব অভিনেত্রী রুক্মিণী মৈত্রর সঙ্গে সম্পর্কে রয়েছেন।
সিনেমার প্রচারে তাদের একসঙ্গে উপস্থিতি ঘিরে তাই সামাজিক মাধ্যমে নানা ধরনের মন্তব্য করেছেন নেটিজেনরা। কেউ পুরোনো সম্পর্কের প্রসঙ্গ টেনে কটাক্ষ করেছেন, আবার কেউ তাদের বর্তমান পর্দার রসায়ন নিয়ে আলোচনা করেছেন।
কমেন্ট বক্সে নানা মন্তব্য
শুভশ্রীর শেয়ার করা ছবির কমেন্ট বক্সে এক নেটিজেন লিখেছেন, ‘পৃথিবীর সবচেয়ে ধৈর্যশীল ব্যক্তি রুক্মিণী মৈত্র ও রাজ চক্রবর্তী।’
আরেকজন শুভশ্রীকে উদ্দেশ করে লিখেছেন, ‘শেষে সেই দেব, তাহলে রাজকে বিয়ে করার মানে কি ছিল?’
অন্য এক নেটিজেন লিখেছেন, ‘এক্সের সঙ্গে সময় কাটানোর মজাই আলাদা।’
আরেকজন মন্তব্য করেছেন, ‘শুভশ্রী, তোমার মতো একজন সাবেক আমার জীবনেও দরকার ছিল।’
নেটিজেনদের এসব মন্তব্য ঘিরে সামাজিক মাধ্যমে নতুন করে আলোচনায় এসেছে দেব-শুভশ্রীর পুরোনো সম্পর্ক। তবে সিনেমার প্রচারে তাদের একসঙ্গে উপস্থিতি যে দর্শকদের আগ্রহ আরও বাড়িয়েছে, তা স্পষ্ট।



