tanaka
প্রচ্ছদঅন্যান্যদেড় হাজার পর্বে মাসুম বিল্লাহর ইসলামি টিভি অনুষ্ঠান

দেড় হাজার পর্বে মাসুম বিল্লাহর ইসলামি টিভি অনুষ্ঠান

জাতীয় পুরস্কারপ্রাপ্ত গণমাধ্যম ব্যক্তিত্ব শায়খ মাসুম বিল্লাহ বিন রেজার পরিচালিত ইসলামি টেলিভিশন অনুষ্ঠান দেড় হাজার পর্বের মাইলফলক স্পর্শ করেছে। বাংলাদেশ টেলিভিশনসহ (বিটিভি) দেশের ১৬টি স্যাটেলাইট টেলিভিশনে ইসলামি রিয়েলিটি শো, টকশো ও সরাসরি প্রশ্নোত্তর অনুষ্ঠান পরিচালনা করেছেন তিনি।

সোমবার (১৪ সেপ্টেম্বর) দেশ টিভিতে প্রচারিত ‘ইসলামি জীবন জিজ্ঞাসা’ অনুষ্ঠানের মধ্য দিয়ে তার পরিচালিত ইসলামি অনুষ্ঠান দেড় হাজার পর্বে পৌঁছায়। পাশাপাশি চারটি রেডিওতে প্রায় দুই হাজার অনুষ্ঠান পরিচালনার অভিজ্ঞতাও রয়েছে তার।

শায়খ মাসুম বিল্লাহ মাদ্রাসা বোর্ড থেকে এমএম (তাফসির) এবং রাজশাহী বিশ্ববিদ্যালয় থেকে বিএ (সম্মান) ও এমএ (হাদিস) ডিগ্রি অর্জন করেছেন।

ইসলামি বিষয়ে অবদানের স্বীকৃতি হিসেবে ২০০২ সালে উলুমুল কুরআন ফাউন্ডেশন বাংলাদেশ থেকে জাতীয় পর্যায়ে প্রথম পুরস্কার লাভ করেন তিনি। ২০১৭ সালে পাক্ষিক ‘সবার খবর’ তাকে সেরা ইসলামি আলোচক নির্বাচিত করে। পরের বছর ‘ক্যারিয়ার বাংলাদেশ’ থেকে লেখক সম্মাননাও পান।

ইসলামি আলোচক ও উপস্থাপক হিসেবে বিটিভিসহ ১৬টি টেলিভিশনে নিয়মিত কাজ করছেন মাসুম বিল্লাহ। ইসলামি কলাম লেখক হিসেবেও বিভিন্ন গণমাধ্যমে তার শতাধিক লেখা প্রকাশিত হয়েছে। এ ছাড়া তার লেখা বইয়ের সংখ্যা ১৫টি এবং সম্পাদিত বই রয়েছে ১২টি।

জনকল্যাণমূলক বিভিন্ন কার্যক্রম পরিচালনার জন্য তিনি ‘নূরুন আলা নূর ফাউন্ডেশন’ প্রতিষ্ঠা করেছেন।

এদিকে তার বড় সন্তান হাফেয আহমাদ আবদুল্লাহ মাসুমও অল্প বয়সে কুরআন ও হাদিস হিফজ করে আলোচনায় এসেছে। মাত্র সাড়ে চার বছর বয়সে কুরআন মাজিদ হিফজ সম্পন্ন করার পর ছয় বছর বয়সে মুখতাসার সহীহুল বুখারীও হিফজ সম্পন্ন করেছে সে।