tanaka
প্রচ্ছদরাজধানীদুদকের নজরে ঢাকা উত্তর সিটির প্রশাসক মোহাম্মদ এজাজ

দুদকের নজরে ঢাকা উত্তর সিটির প্রশাসক মোহাম্মদ এজাজ

ঢাকা উত্তর সিটি করপোরেশনের প্রশাসক মোহাম্মদ এজাজের বিরুদ্ধে দুর্নীতি ও অনিয়মের অভিযোগ অনুসন্ধানের সিদ্ধান্ত নিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

বৃহস্পতিবার (২৭ নভেম্বর) দুদকের এক ঊর্ধ্বতন কর্মকর্তা বিষয়টি নিশ্চিত করেন।

দুদকের চিঠির সংক্ষিপ্ত শিরোনামে উল্লেখ করা হয়েছে যে প্রশাসক মোহাম্মদ এজাজের বিরুদ্ধে ক্ষমতার অপব্যবহারসহ বিভিন্ন অনিয়ম, দুর্নীতি ও ঘুষ গ্রহণের অভিযোগ উঠেছে। তিনি চলতি বছরের ফেব্রুয়ারিতে ঢাকা উত্তর সিটি করপোরেশনের প্রশাসকের দায়িত্ব গ্রহণ করেন।

এর আগে, মোহাম্মদ এজাজ নিষিদ্ধ সংগঠন হিযবুত তাহরীরের সঙ্গে যুক্ত থাকার অভিযোগেও আলোচনায় আসেন। তবে ডিএনসিসি এসব অভিযোগকে ভিত্তিহীন ও রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত বলে দাবি করে।

এক বিবৃতিতে ডিএনসিসি জানায়, মোহাম্মদ এজাজ একজন পরিবেশবাদী, লেখক ও বুদ্ধিজীবী হিসেবে দীর্ঘ ১৬ বছর ধরে স্বৈরাচারের বিরোধিতা, জলাধার দখল, পানির বৈষম্য এবং আন্তঃসীমান্ত নদীর পানির ন্যায্যতার পক্ষে সোচ্চার। তাদের মতে, তাঁর অবস্থান বিভিন্ন প্রভাবশালী মহলের স্বার্থে আঘাত হানে। অভিযোগগুলো এসেছে মূলত সেই সব গোষ্ঠী থেকে, যাদের বিরুদ্ধে তিনি অতীতে মানবাধিকার লঙ্ঘন ও পরিবেশ ধ্বংসের প্রতিবাদ করেছেন।