চীনের ঝেজিয়াং প্রদেশের হাংঝৌ শহরের একটি বিশেষায়িত রোবট স্কুল থেকে প্রশিক্ষণ শেষ করে আনুষ্ঠানিকভাবে গ্র্যাজুয়েশন সম্পন্ন করেছে চারটি রোবট। দুই মাসের বেশি সময় ধরে প্রশিক্ষণ ও ব্যবহারিক অনুশীলনের পর তাদের হাতে তুলে দেওয়া হয়েছে ডিপ্লোমা।
গ্র্যাজুয়েশন করা চার রোবটের মধ্যে রয়েছে দুটি গাইড রোবট, একটি ইনস্পেকশন রোবট এবং একটি পিয়ানো বাজাতে সক্ষম রোবট। হাংঝৌ রোবট স্কুলে আয়োজিত অনুষ্ঠানে তাদের প্রশিক্ষণ সমাপ্তির স্বীকৃতি হিসেবে সনদ দেওয়া হয়।
প্রশিক্ষণ শেষে রোবটগুলোকে বিভিন্ন কর্মক্ষেত্রে পাঠানোর প্রস্তুতি নেওয়া হয়েছে। দুটি গাইড রোবটের একটি চীনা চিত্রকলা সিরিজ আর্কাইভে এবং অন্যটি হাংঝৌ রোবট স্কুলেই দায়িত্ব পালন করবে।
অন্যদিকে, ইনস্পেকশন রোবটটি তিয়ানজিনে নেসলের একটি উৎপাদন কারখানায় মোতায়েন করা হবে। পিয়ানো বাজানো রোবটটির গন্তব্য দক্ষিণ কোরিয়া, সেখানে এটি বিভিন্ন বিনোদনমূলক পরিবেশনায় অংশ নেবে।
গ্র্যাজুয়েশন অনুষ্ঠানে স্কুলটির অধ্যক্ষ চেন দিয়াংশেং প্রতিটি রোবটের জন্য আলাদা শনাক্তকরণ কোড নির্ধারণ করেন। তার ভাষ্য অনুযায়ী, এই কোড প্রদানের মধ্য দিয়ে কর্মক্ষেত্রে দায়িত্ব পালনের জন্য রোবটগুলোর প্রস্তুতিকে আনুষ্ঠানিক স্বীকৃতি দেওয়া হয়েছে।
রোবটগুলোর সক্ষমতা যাচাই, দায়িত্ব নির্ধারণ এবং দীর্ঘমেয়াদি ব্যবস্থাপনার সুবিধার জন্য স্কুলটি একটি বিশেষ কোডিং ব্যবস্থাও চালু করেছে। এর আওতায় প্রতিটি রোবটকে স্বতন্ত্র ও সহজে পড়া এবং অনুসরণযোগ্য একটি শনাক্তকরণ কোড দেওয়া হয়।
সূত্র: সামা টিভি



