tanaka
প্রচ্ছদআন্তর্জাতিকদিল্লির বিক্ষোভে যাওয়ার আগে ককরোচ নেতা অভিজিতের বার্তা

দিল্লির বিক্ষোভে যাওয়ার আগে ককরোচ নেতা অভিজিতের বার্তা

ভারতের রাজধানী দিল্লির যন্তর মন্তরে প্রস্তাবিত ককরোচ জনতা পার্টির (সিজেপি) বিক্ষোভ ঘিরে কঠোর নিরাপত্তাব্যবস্থা নেওয়া হয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে শহরজুড়ে প্রায় ২৫ হাজার পুলিশ ও আধাসামরিক বাহিনীর সদস্য মোতায়েন করা হয়েছে। দিল্লির সীমান্ত, রেলস্টেশন, বাস টার্মিনালসহ গুরুত্বপূর্ণ ও স্পর্শকাতর এলাকাগুলোতে বাড়ানো হয়েছে নজরদারি। একই সঙ্গে ৪৫টি মেট্রো স্টেশনের প্রবেশ ও বের হওয়ার পথ বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

এমন পরিস্থিতিতে বিক্ষোভে যোগ দিতে মুম্বাই থেকে দিল্লির পথে রওনা হওয়ার আগে নিজের অবস্থান স্পষ্ট করেছেন ককরোচ জনতা পার্টির নেতা অভিজিৎ দীপকে। দিল্লিতে পৌঁছানোর পর তাঁকে আটক বা গ্রেপ্তার করা হতে পারে কি না—এমন প্রশ্নের জবাবে তিনি বলেছেন, এ নিয়ে তাঁর কোনো উদ্বেগ নেই।

ভারতীয় সংবাদমাধ্যম এএনআইকে অভিজিৎ বলেন, ‘তারা যদি আমাকে আটক বা গ্রেপ্তার করতে চায়, করুক। আমি তার জন্য প্রস্তুত। আমাকে গ্রেপ্তার করুক বা আটক করুক, তাতে আমার কিছু যায়-আসে না।’

এএনআই প্রকাশিত একটি ভিডিওতে দেখা যায়, ভারতের প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) জ্ঞানেশ কুমারের পদত্যাগের দাবিতে যন্তর মন্তরে আয়োজিত বিক্ষোভে অংশ নিতে মুম্বাই থেকে দিল্লির উদ্দেশে রওনা হচ্ছেন অভিজিৎ।

দিল্লির উদ্দেশে যাত্রা শুরুর আগে সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টেও নির্বাচন কমিশনের বিরুদ্ধে সরব হন তিনি। পোস্টে অভিজিৎ লেখেন, ‘যন্তর মন্তর ২.০ শুরু হয়ে গেছে। জ্ঞানেশ কুমার, ভোট চুরিতে আপনার সহায়তা করার দিন শেষ হয়ে গেছে।’

প্রধান নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের পদত্যাগের দাবিতে কয়েক দিন ধরেই দিল্লিতে প্রতিবাদ কর্মসূচি চলছে। এরই ধারাবাহিকতায় যন্তর মন্তরে বিক্ষোভের ডাক দিয়েছে ককরোচ জনতা পার্টি ও কয়েকটি ছাত্রসংগঠন। এই কর্মসূচিকে কেন্দ্র করে রাজধানীতে নিরাপত্তাব্যবস্থা জোরদার করেছে প্রশাসন।