tanaka
প্রচ্ছদসারাদেশ‘দিদির জন্য গাড়ি দেন’—শিশু তুলির আবদারে মিলল হুইলচেয়ার ও নতুন পোশাক

‘দিদির জন্য গাড়ি দেন’—শিশু তুলির আবদারে মিলল হুইলচেয়ার ও নতুন পোশাক

নরসিংদীর রায়পুরায় এক শিশুর সরল আবদার নাড়া দিয়েছে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. মাসুদ রানার মন। প্রতিবন্ধী দিদির জন্য ‘গাড়ি’ চাওয়া শিশু তুলির সেই আবদার পূরণ করে তাকে একটি হুইলচেয়ার দেওয়া হয়েছে। পাশাপাশি তুলি ও তার সঙ্গে থাকা আরেক শিশু কৃষ্ণের জন্যও কিনে দেওয়া হয়েছে নতুন পোশাক।

সোমবার দুপুরে তুলি পাল খালি গায়ে ইউএনওর কার্যালয়ে গিয়ে তার প্রতিবন্ধী দিদির জন্য হুইলচেয়ার চায়। শিশুটির ভাষায়, ‘আমার দিদির জন্য গাড়ি দেন।’

তুলির সঙ্গে কথা বলে ইউএনও জানতে পারেন, তার মা নেই এবং পরিবারের এক সদস্য হাঁটতে পারেন না। শিশুটির পরিবারের অসহায়ত্বের কথা শুনে দিদির চলাচলের সুবিধার জন্য একটি হুইলচেয়ারের ব্যবস্থা করেন তিনি।

এ সময় তুলির সঙ্গে থাকা কৃষ্ণ নামের আরেক শিশুর দিকেও নজর যায় ইউএনওর। তাদের দুজনের অবস্থার কথা বিবেচনা করে তুলি ও কৃষ্ণ—দুজনের জন্যই নতুন জামাকাপড় কিনে দেন তিনি।

নতুন পোশাক পরে এবং দিদির জন্য হুইলচেয়ার নিয়ে বাড়ি ফেরার সময় তুলির মুখে ফুটে ওঠে আনন্দের হাসি। পরে ইউএনও কার্যালয়ের কর্মীরা রিকশায় করে তুলি, কৃষ্ণ ও হুইলচেয়ারটি রায়পুরা পৌরসভার হরিপুর এলাকায় তাদের বাড়িতে পৌঁছে দেন।

তুলির সেই নিষ্পাপ হাসি উপস্থিত সবার মন ছুঁয়ে যায়। শিশুটির ছোট্ট আবদার পূরণের পাশাপাশি অসহায় পরিবারের পাশে দাঁড়ানোর এই উদ্যোগ স্থানীয়দের কাছেও প্রশংসা পেয়েছে।