টালিউডের জনপ্রিয় অভিনেতা প্রসেনজিৎ চট্টোপাধ্যায়কে এবার দেখা যাবে একেবারেই ভিন্ন ধরনের চরিত্রে। ‘অভিমান’ সিনেমায় রকস্টারের ভূমিকায় দর্শকদের নজর কাড়ার পর নতুন সিনেমা ‘ডাক্তার কাকু’-তে চিকিৎসকের চরিত্রে বড় পর্দায় হাজির হচ্ছেন তিনি।
এর আগে জুলাইয়ে সিনেমাটির প্রথম পোস্টার প্রকাশের সময় প্রসেনজিৎ জানিয়েছিলেন, শিক্ষক দিবস উপলক্ষে ৪ সেপ্টেম্বর প্রেক্ষাগৃহে মুক্তি পাবে ‘ডাক্তার কাকু’। তবে সেই পরিকল্পনায় পরিবর্তন আনা হয়েছে। নতুন ঘোষণা অনুযায়ী, সিনেমাটি মুক্তি পাবে ১৮ সেপ্টেম্বর।
সামাজিক যোগাযোগমাধ্যমে নতুন পোস্টার প্রকাশ করে নিজেই মুক্তির তারিখ পরিবর্তনের বিষয়টি জানিয়েছেন প্রসেনজিৎ। পোস্টারে তাকে চিকিৎসকের পোশাকে সম্পূর্ণ ভিন্ন এক লুকে দেখা গেছে।
পোস্টারটির ভাবনাতেও রয়েছে আলাদা বার্তা। সেখানে দাঁড়িপাল্লার এক পাশে বিপুল অর্থ এবং অন্য পাশে মুমূর্ষু এক রোগীকে দেখানো হয়েছে। পাশাপাশি আকাশে উড়তে দেখা যাচ্ছে কাগজের তৈরি কয়েকটি বিমান।
নতুন পোস্টার প্রকাশ করে প্রসেনজিৎ লিখেছেন, ‘অর্থ মূল্যবান, জীবন অমূল্য, দিন পিছাক (৪ থেকে ১৮ সেপ্টেম্বর), কিন্তু দিন বদলাক, ডাক্তার কাকু আসছে!’
তবে কেন সিনেমাটির মুক্তির তারিখ দুই সপ্তাহ পিছিয়ে দেওয়া হয়েছে, সে বিষয়ে এখনো নির্মাতা বা অভিনেতার পক্ষ থেকে বিস্তারিত কোনো কারণ জানানো হয়নি।
‘ডাক্তার কাকু’ সিনেমায় প্রসেনজিৎ চট্টোপাধ্যায়ের পাশাপাশি অভিনয় করেছেন ঋদ্ধিসেন, তুলিকা বসু, শ্রীলগ্না বন্দ্যোপাধ্যায়, সুচন্দ্রাসহ আরও অনেকে। সিনেমাটির পরিচালক পাভেলও এতে একটি বিশেষ চরিত্রে অভিনয় করেছেন।
নতুন পোস্টারে প্রসেনজিতের ভিন্ন লুক এবং সিনেমার বিষয়বস্তুর ইঙ্গিত ইতোমধ্যে দর্শকদের মধ্যে আগ্রহ তৈরি করেছে। এখন ১৮ সেপ্টেম্বর সিনেমাটি প্রেক্ষাগৃহে মুক্তির অপেক্ষায় দর্শকরা।



