tanaka

২৬ সেপ্টেম্বর ২০২৬: ২২ ক্যারেট স্বর্ণের ভরি ২ লাখ ৩২ হাজার ৯৩০ টাকা

দেশের বাজারে আবারও কমেছে ২২ ক্যারেট স্বর্ণের দাম। নতুন সিদ্ধান্ত অনুযায়ী, প্রতি ভরি ২২ ক্যারেট স্বর্ণের দাম ১ হাজার ৬৯১ টাকা কমিয়ে ২ লাখ...
প্রচ্ছদরাজনীতি‘তারেক রহমান ব্যতিক্রমী প্রধানমন্ত্রী’

‘তারেক রহমান ব্যতিক্রমী প্রধানমন্ত্রী’

জাতীয় পার্টির মহাসচিব ও জাতীয় গণতান্ত্রিক ফ্রন্টের মুখপাত্র এবিএম রুহুল আমিন হাওলাদার বলেছেন, ক্ষমতায় গিয়ে অনেকেই অতীত ভুলে যান। তবে তারেক রহমান সেই ধারার বাইরে একজন ব্যতিক্রমী প্রধানমন্ত্রী।

রোববার (৫ এপ্রিল) সকালে রাজধানীর গুলশানের একটি কমিউনিটি সেন্টারে জাতীয় পার্টি ও জাতীয় গণতান্ত্রিক ফ্রন্টের উদ্যোগে আয়োজিত ঈদ পুনর্মিলনী ও আলোচনা সভায় তিনি এ মন্তব্য করেন।

রুহুল আমিন হাওলাদার বলেন, প্রধানমন্ত্রী হওয়ার পরও তারেক রহমান অত্যন্ত সাধারণ জীবনযাপন করছেন। তার মধ্যে কোনো দম্ভ বা অহংকার দেখা যায় না। তিনি একজন সাবেক রাষ্ট্রপতি ও সাবেক প্রধানমন্ত্রীর সন্তান হলেও চলাফেরায় সাধারণ মানুষের মতোই আচরণ করছেন।

তিনি আরও বলেন, সাধারণ মানুষ রাস্তায় দাঁড়িয়েও তার সঙ্গে কথা বলতে পারছেন। তিনি প্রতিদিন সকাল আটটার মধ্যেই অফিসে উপস্থিত হন এবং রাত পর্যন্ত দায়িত্ব পালন করেন, যা নিঃসন্দেহে প্রশংসনীয়। গত দেড় বছরে সরকারের বেশিরভাগ কাজই ইতিবাচক বলে মনে হয়েছে বলেও মন্তব্য করেন তিনি।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জাতীয় পার্টির চেয়ারম্যান ও জাতীয় গণতান্ত্রিক ফ্রন্টের প্রধান, সাবেক পররাষ্ট্রমন্ত্রী ব্যারিস্টার আনিসুল ইসলাম মাহমুদ। সভায় রুহুল আমিন হাওলাদার প্রধানমন্ত্রী ও তার মন্ত্রিসভাকে অভিনন্দন জানিয়ে বলেন, তারেক রহমানের নেতৃত্বে দেশে গণতন্ত্রের নতুন যাত্রা শুরু হয়েছে। এর মাধ্যমে প্রতিহিংসামূলক রাজনীতির অবসান ঘটবে বলে তিনি আশা প্রকাশ করেন।

তিনি বলেন, সরকারকে গঠনমূলক সমালোচনা করা হবে, তবে এমন কোনো সমালোচনা করা উচিত নয়, যা গণতান্ত্রিক অগ্রযাত্রাকে বাধাগ্রস্ত করে। গণতান্ত্রিক অগ্রযাত্রা ব্যাহত হলে দেশের পরিস্থিতি কী হতে পারে, তা অতীত সরকার দেখিয়ে গেছে।

বিগত সময়ে সংঘটিত অনিয়ম ও অপকর্মের সুষ্ঠু তদন্ত করে দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার জন্যও তিনি প্রধানমন্ত্রীর প্রতি আহ্বান জানান।

এছাড়া, হাম প্রতিরোধে টিকাদান কার্যক্রমে গাফিলতির সমালোচনা করে তিনি বলেন, যথাসময়ে শিশুদের টিকা না দেওয়ার কারণে অনেক শিশুর প্রাণহানি ঘটেছে, যার দায় সংশ্লিষ্ট কর্তৃপক্ষ এড়াতে পারে না।

জ্বালানি সংকটের সম্ভাবনার কথা উল্লেখ করে তিনি বলেন, বৈশ্বিক পরিস্থিতির প্রভাব দেশের ওপরও পড়তে পারে। এ অবস্থায় সরকার যেমন সংকট মোকাবিলায় কাজ করছে, তেমনি নাগরিকদেরও জ্বালানি ব্যবহারে সাশ্রয়ী হওয়ার আহ্বান জানান তিনি।