জাতীয় সংসদে আহত জুলাই যোদ্ধাদের সঙ্গে সময় কাটিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এ সময় তিনি প্রত্যেকের খোঁজখবর নেন, কুশল বিনিময় করেন এবং জুলাই অভ্যুত্থানের সময় তাদের ওপর ঘটে যাওয়া বিভীষিকাময় অভিজ্ঞতার কথা মনোযোগ দিয়ে শোনেন। অনেককে কাঁধে ও মাথায় হাত রেখে সান্ত্বনা দিতেও দেখা যায় তাকে।
রবিবার (৫ এপ্রিল) সংসদ অধিবেশনের বিরতির সময় এ আবেগঘন মুহূর্তের সৃষ্টি হয়।
সংসদ সচিবালয় জানায়, আজকের অধিবেশন দেখতে মোট ৫৩ জন আহত জুলাই যোদ্ধা উপস্থিত ছিলেন। অধিবেশন বিরতির আগে চিফ হুইপ নুরুল ইসলাম মনি ফ্লোর নিয়ে সংসদ সদস্যদের উদ্দেশে বলেন, ‘আজ আমাদের সংসদ অধিবেশনে আহত জুলাই যোদ্ধারা উপস্থিত রয়েছেন। জুলাই অভ্যুত্থানে তাদের ত্যাগ ও ভূমিকা আমরা সবাই জানি। তাদের এখানে আসার জন্য আন্তরিক অভিনন্দন ও সাধুবাদ জানাই।’
এ সময় সরকারি ও বিরোধীদলীয় সংসদ সদস্যরা টেবিল চাপড়ে তাদের স্বাগত জানান। স্পিকার হাফিজ উদ্দিন আহমেদের বাম পাশে থাকা ভিআইপি গ্যালারিতে অবস্থানরত আহত যোদ্ধারা দাঁড়িয়ে হাত নেড়ে সেই অভিবাদনের জবাব দেন। কিছুক্ষণ পর নিরাপত্তাকর্মীরা তাদের জানান, প্রধানমন্ত্রী তাদের সঙ্গে দেখা করতে আসছেন—এ খবর ছড়িয়ে পড়তেই তাদের মধ্যে ব্যাপক উচ্ছ্বাস দেখা যায়।
ঘোষণার পাঁচ মিনিট পর প্রধানমন্ত্রী গ্যালারিতে পৌঁছে একে একে সবার সঙ্গে কুশল বিনিময় করেন। তিনি তাদের স্বাস্থ্যের খোঁজখবর নেন এবং তাদের অভিজ্ঞতা শোনেন। কয়েকজন যোদ্ধা অভ্যুত্থানে নিজেদের ভূমিকার কথা তুলে ধরেন। এ সময় কয়েকজন নারী যোদ্ধা কান্নাজড়িত কণ্ঠে তাদের দুর্দশার কথা জানালে পুরো গ্যালারিতে এক আবেগঘন পরিবেশের সৃষ্টি হয়।



