tanaka
প্রচ্ছদরাজধানীঢাকার যানজট কমাতে ডিএমপির কঠোর উদ্যোগ

ঢাকার যানজট কমাতে ডিএমপির কঠোর উদ্যোগ

রাজধানী ঢাকার যানজট নিরসনে কঠোর উদ্যোগ নিয়েছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)। শহরের অভ্যন্তরে গড়ে ওঠা অনুমোদনহীন আন্তঃজেলা বাস কাউন্টার অপসারণে নির্দেশনা জারি করা হয়েছে। রোববার (৫ এপ্রিল) ডিএমপি সদর দপ্তর থেকে প্রকাশিত এক গণবিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, যানজট কমানো এবং ট্রাফিক ব্যবস্থাপনাকে আধুনিক করতে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। একই সঙ্গে নাগরিক সেবার মানোন্নয়নও এর লক্ষ্য।

ডিএমপির ভারপ্রাপ্ত কমিশনার মো. সরওয়ারের স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, রাজধানীর বিভিন্ন এলাকায় অনুমোদন ছাড়াই আন্তঃজেলা নাইট কোচ কাউন্টার পরিচালিত হচ্ছে। অনেক ক্ষেত্রে রুট পারমিট না থাকলেও এসব কার্যক্রম চলছে, যা সড়ক ব্যবস্থাপনায় বিঘ্ন সৃষ্টি করছে।

এসব কাউন্টার থেকে যাত্রী ওঠানামা, অনিয়ন্ত্রিত পার্কিংসহ নানা কার্যক্রমের কারণে দিনের পাশাপাশি রাতেও তীব্র যানজট সৃষ্টি হচ্ছে বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়।

এ পরিস্থিতিতে সংশ্লিষ্টদের সাত কার্যদিবসের মধ্যে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে নির্দেশ দেওয়া হয়েছে। গাবতলী, মহাখালী ও সায়েদাবাদ বাস টার্মিনাল ছাড়া অন্য কোথাও আন্তঃজেলা বাসের কার্যক্রম পরিচালনা না করার নির্দেশনা দেওয়া হয়েছে। পাশাপাশি শহরের বিভিন্ন স্থানে গড়ে ওঠা অবৈধ নাইট কোচ কাউন্টার নিজ উদ্যোগে অপসারণের আহ্বান জানানো হয়েছে।

নির্ধারিত সময়ের মধ্যে নির্দেশনা বাস্তবায়ন না হলে কঠোর আইনি ব্যবস্থা নেওয়া হবে বলে সতর্ক করেছে ডিএমপি। সড়ক পরিবহন আইন, ২০১৮ অনুযায়ী মোবাইল কোর্ট পরিচালনার মাধ্যমে আইন লঙ্ঘনকারীদের বিরুদ্ধে কারাদণ্ড, অর্থদণ্ড, রুট পারমিট বাতিল এবং মালামাল জব্দসহ ব্যবস্থা নেওয়া হতে পারে।

এ বিষয়ে সংশ্লিষ্ট সবার সহযোগিতা কামনা করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ।