তারেক রহমানের নেতৃত্বাধীন বিএনপি সরকারের প্রথম ছয় মাসকে ‘সম্পূর্ণ ব্যর্থ’ দাবি করে তীব্র সমালোচনা করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম। তাঁর অভিযোগ, দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ, আইনশৃঙ্খলার উন্নয়ন এবং বিদ্যুৎ ও জ্বালানি সরবরাহ—সরকারের অগ্রাধিকার পাওয়া এই তিন ক্ষেত্রেই কাঙ্ক্ষিত সাফল্য আসেনি। বরং ১৮০ দিনের কার্যক্রমে প্রধানমন্ত্রী তারেক রহমানের দেশ পরিচালনায় কোনো সুস্পষ্ট পরিকল্পনা নেই বলে দাবি করেন তিনি।
সোমবার (২৪ আগস্ট) রাজধানীতে এনসিপির পলিসি ও রিসার্চ বিষয়ক উপকমিটির আয়োজিত সংবাদ সম্মেলনে সরকারের প্রথম ১৮০ দিনের কার্যক্রমের মূল্যায়ন তুলে ধরে এসব কথা বলেন নাহিদ ইসলাম।
তিনি বলেন, ‘অব্যবস্থাপনা, অদক্ষতা ও পরিকল্পনাহীনতার কারণে সরকার আবারও ফ্যাসিবাদী ও স্বৈরতান্ত্রিক কাঠামোর দিকে ফিরে যাচ্ছে। ১৮০ দিনে প্রমাণিত হয়েছে, তারেক রহমানের দেশ পরিচালনার কোনো ধরনের পরিকল্পনা নেই।’
সরকারের প্রথম ছয় মাসের কার্যক্রম মূল্যায়ন করে নাহিদ ইসলাম বলেন, জ্বালানি সংকট, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি ও আইনশৃঙ্খলার অবনতিসহ মোট ২৯টি ক্ষেত্রে সরকার অব্যবস্থাপনা ও ব্যর্থতার পরিচয় দিয়েছে।
তিনি বলেন, ‘সরকার ১৮০ দিনের জন্য একটি পরিকল্পনা নির্ধারণ করেছিল। সেখানে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ, আইনশৃঙ্খলার উন্নয়ন এবং বিদ্যুৎ ও জ্বালানি সরবরাহ—এই তিনটি বিষয়কে অগ্রাধিকার দেওয়া হয়েছিল। কিন্তু ছয় মাসে দেখা গেছে, অগ্রাধিকার দেওয়া তিনটি ক্ষেত্রেই সরকার নিদারুণভাবে ব্যর্থ হয়েছে।’
সরকার ক্ষমতায় এসে পুরোনো পরিকল্পনা ও নীতির পথেই দেশ পরিচালনা করছে বলেও অভিযোগ করেন এনসিপির আহ্বায়ক। তিনি বলেন, ‘অপরিকল্পনা, দুর্নীতি ও অব্যবস্থাপনার কারণে ছয় মাসের মধ্যেই মন্ত্রিসভায় পুনর্গঠন করতে হচ্ছে। সরকার বলেছিল তাদের পরিকল্পনা রয়েছে। এখন মন্ত্রী-প্রতিমন্ত্রী পরিবর্তন করা হচ্ছে। আমরা জানি না, এভাবে পরিবর্তন করতে করতে কখন প্রধানমন্ত্রী পরিবর্তনের প্রয়োজন দেখা দেবে।’
গ্যাস সংকটসহ বিভিন্ন সমস্যার জন্য সরকারের জনগণের কাছে দুঃখ প্রকাশ ও ক্ষমা চাওয়া উচিত বলেও মন্তব্য করেন নাহিদ ইসলাম। তাঁর ভাষ্য, সরকার অর্থনৈতিক ব্যবস্থাপনা, প্রশাসন ও আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়নের যে প্রতিশ্রুতি দিয়েছিল, তার কোনোটিই যথাযথভাবে বাস্তবায়ন করতে পারেনি।
সরকারের কার্যক্রম মূল্যায়নে ছয় মাস যথেষ্ট কি না—এমন প্রশ্নের জবাবে নাহিদ ইসলাম বলেন, ছয় মাস পার হওয়ার পর সরকার আর আগের সরকারের দায় কিংবা অন্তর্বর্তী সরকারের দায় দেখিয়ে নিজেদের ব্যর্থতা এড়াতে পারবে না। জনগণের কাছে এমন ব্যাখ্যা কোনোভাবেই গ্রহণযোগ্য হবে না।
তিনি হুঁশিয়ারি দিয়ে বলেন, সরকার চলমান সংকটগুলোর সমাধান না করে পুরোনো রাজনীতিতে ফিরে যাওয়ার চেষ্টা অব্যাহত রাখলে তাদের ব্যাপক আন্দোলনের মুখে পড়তে হবে।
এনসিপির পক্ষ থেকে সরকারের প্রথম ছয় মাসের কার্যক্রমের বিভিন্ন দিক জনগণের সামনে তুলে ধরা হচ্ছে জানিয়ে নাহিদ ইসলাম বলেন, বিদ্যুৎ, গ্যাস ও জ্বালানি সংকট, ওষুধনীতি, সার, মানবাধিকার এবং ভূমি কমিশন আইনসহ বিভিন্ন ইস্যুতে সরকারের কার্যক্রম পর্যবেক্ষণ করছে দলটি।



