tanaka
প্রচ্ছদলাইফষ্টাইলবিনোদনতামান্নার সঙ্গে বাগদান মহসিন খানের, ভালোবাসার গল্প জানালেন অভিনেতা

তামান্নার সঙ্গে বাগদান মহসিন খানের, ভালোবাসার গল্প জানালেন অভিনেতা

ভারতীয় টেলিভিশনের জনপ্রিয় অভিনেতা মহসিন খান বাগদান সেরেছেন। ‘কার্তিক’ চরিত্রে অভিনয়ের মাধ্যমে দর্শকের কাছে পরিচিতি পাওয়া এই অভিনেতা শনিবার সামাজিক যোগাযোগমাধ্যমে হবু স্ত্রী তামান্নার সঙ্গে বাগদানের খবর প্রকাশ করেন। বিষয়টি জানার পর অনুরাগী ও সহকর্মীদের কাছ থেকে শুভেচ্ছায় ভাসছেন তিনি।

বাগদানের অনুষ্ঠানের বেশ কয়েকটি ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশ করেছেন মহসিন। ছবিগুলোতে তাকে ও তামান্নাকে ভিন্ন দুটি সাজে দেখা যায়। পোস্টের মাধ্যমে জীবনের নতুন অধ্যায় শুরুর আনন্দও ভাগ করে নেন অভিনেতা।

তামান্নাকে উদ্দেশ করে মহসিন লেখেন, আল্লাহর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে তিনি এমন একজন মানুষকে জীবনে পাওয়ার কথা জানিয়েছেন, যিনি প্রাণবন্ত, আত্মবিশ্বাসী, আবেগপ্রবণ এবং সবসময় হাসি-আনন্দে থাকতে ভালোবাসেন। তার ভাষ্য অনুযায়ী, তামান্নাই যেন তার জন্য নির্ধারিত জীবনসঙ্গী।

নিজেদের সম্পর্কের শুরুর দিকের স্মৃতিও তুলে ধরেছেন মহসিন। প্রথম দেখা, প্রথমবার হাত ধরা থেকে শুরু করে তামান্নার সঙ্গে কাটানো বিভিন্ন মুহূর্তের কথা স্মরণ করে তিনি জানান, তখনই তার মনে হয়েছিল এই সম্পর্কটি বিশেষ কিছু হতে চলেছে।

অভিনেতার বিশ্বাস, তাদের এই সম্পর্কের গল্প হয়তো অনেক আগেই ভাগ্যের পাতায় লেখা ছিল। বাগদানের মাধ্যমে একসঙ্গে ভালোবাসা, বন্ধুত্ব ও অসংখ্য স্মৃতি তৈরির নতুন যাত্রা শুরু হয়েছে বলেও জানান তিনি।

মহসিন আরও লেখেন, একে অপরের মধ্যে নিজের ‘বাড়ি’ খুঁজে পাওয়াই তাদের দেওয়া প্রতিশ্রুতি ও দেখা স্বপ্নগুলোর মধ্যে সবচেয়ে সুন্দর অনুভূতি।

এদিকে মহসিনের বাগদানের খবরে টেলিভিশন অঙ্গনের অনেক তারকাই শুভেচ্ছা জানিয়েছেন। তাদের মধ্যে রয়েছেন দিব্যাঙ্কা ত্রিপাঠী, স্টিবেন বেন, অদ্রিজা রায় ও শ্রদ্ধা আর্যসহ আরও অনেকে।

তবে বাগদান সম্পন্ন হলেও মহসিন ও তামান্নার বিয়ের আনুষ্ঠানিকতা কবে হবে, সে বিষয়ে এখনো কোনো ঘোষণা দেননি অভিনেতা।