tanaka
প্রচ্ছদলাইফষ্টাইলবিনোদনস্ত্রীকে নিয়ে মন্তব্য করে সমালোচনার মুখে অভিনেতা অর্জুন বিজলানি

স্ত্রীকে নিয়ে মন্তব্য করে সমালোচনার মুখে অভিনেতা অর্জুন বিজলানি

স্ত্রী নেহার খাবারের অভ্যাস নিয়ে মন্তব্য করে সামাজিক যোগাযোগমাধ্যমে সমালোচনার মুখে পড়েছেন ভারতের ছোটপর্দার জনপ্রিয় অভিনেতা অর্জুন বিজলানি। রিয়েলিটি শো ‘পতি-পত্নী অউর পাঙ্গা ২’-এ করা তার একটি মন্তব্যের ভিডিও ছড়িয়ে পড়তেই শুরু হয় বিতর্ক। দর্শকদের একাংশের অভিযোগ, জাতীয় টেলিভিশনে স্ত্রীকে নিয়ে এ ধরনের মন্তব্য করা অনুচিত।

অনুষ্ঠানটির সঞ্চালক মুনাওয়ার ফারুকীর সঙ্গে কথোপকথনের সময় স্ত্রীর খাদ্যাভ্যাস প্রসঙ্গে কথা বলেন অর্জুন। একপর্যায়ে তিনি বলেন, ‘নেহা হয়তো আট ঘণ্টা ঘুমায়, কিন্তু ১৬ ঘণ্টা খেতেই থাকে।’ তার এই মন্তব্য ঘিরেই সামাজিক মাধ্যমে সমালোচনা শুরু হয়।

তবে বিষয়টি নিয়ে নিজের অবস্থান পরিষ্কার করেছেন অভিনেতা। তার দাবি, স্ত্রীর শারীরিক গঠন নিয়ে কোনো মন্তব্য করেননি তিনি। বরং নেহার খাবারের অভ্যাস নিয়েই কথা বলেছেন।

অর্জুন বলেন, স্ত্রীর স্বাস্থ্য ও খাদ্যাভ্যাস নিয়ে উদ্বেগ থেকেই তিনি এমন মন্তব্য করেছেন। কাউকে বডি শেমিং করার উদ্দেশ্য তার ছিল না। সবকিছুকে নেতিবাচক দৃষ্টিতে না দেখার অনুরোধ জানিয়ে তিনি বলেন, খাবারের অভ্যাস নিয়ে তাদের মধ্যে আলোচনা হয়েছে মাত্র।

অভিনেতার ভাষ্য, ভালোবাসার মানুষের স্বাস্থ্য ও জীবনযাপন নিয়ে পরামর্শ দেওয়া স্বাভাবিক বিষয়। তিনি নেহার ভালো চান বলেই তার স্বাস্থ্য নিয়ে কথা বলেন। একইভাবে নেহাও তাকে প্রয়োজনীয় পরামর্শ দিতে পারেন। তাদের দীর্ঘ ২৩ বছরের সম্পর্কের কথাও উল্লেখ করেন তিনি।

সমালোচকদের উদ্দেশে অর্জুন আরও বলেন, অনুষ্ঠানটি মূলত হাসি-ঠাট্টা ও বিনোদনের জন্য তৈরি। তাই তার মন্তব্য নিয়ে অতিরিক্ত বিশ্লেষণ না করে অন্য বিষয় নিয়ে আলোচনা করা উচিত।

তবে অভিনেতার এই ব্যাখ্যাতেও সন্তুষ্ট নন অনেকে। এক নেটিজেন প্রশ্ন তুলেছেন, নেহা যদি একইভাবে অর্জুনের খাবারের অভ্যাস নিয়ে মন্তব্য করতেন, তাহলে তিনি কি সেটিকে নিছক মজা হিসেবে গ্রহণ করতেন? ওই নেটিজেনের মতে, জাতীয় টেলিভিশনে স্ত্রীকে নিয়ে এমন মন্তব্য করা বডি শেমিংয়ের শামিল হতে পারে।

এভাবেই একটি রিয়েলিটি শোয়ের হাস্যরসাত্মক কথোপকথন থেকে শুরু হওয়া ঘটনা এখন সামাজিক মাধ্যমে ব্যক্তিগত মন্তব্যের সীমা ও বডি শেমিং নিয়ে বিতর্কের জন্ম দিয়েছে।