মুন্সীগঞ্জের শ্রীনগরে পানিতে ডুবে দুই চাচাতো ভাইয়ের মর্মান্তিক মৃত্যু হয়েছে। রোববার (২৩ আগস্ট) সকাল ১১টার দিকে উপজেলার বাঘড়া ইউনিয়নের কাঠালবাড়ি গ্রামে এ দুর্ঘটনা ঘটে।
নিহত দুই শিশু হলো—কাঠালবাড়ি গ্রামের মোল্লা বাড়ির মহসিন মোল্লার ছেলে ইব্রাহিম (৫) এবং মহিউদ্দিন মোল্লার ছেলে রায়হান (৪)। তাদের দুজনের বাবাই প্রবাসে থাকেন।
স্থানীয় সূত্রে জানা যায়, সকাল সাড়ে ১০টার দিকে পরিবারের সদস্যদের অজান্তে ইব্রাহিম ও রায়হান নিখোঁজ হয়ে যায়। অনেক খোঁজাখুঁজির পর বাড়ির পাশের পুকুরের পাড়ে তাদের স্যান্ডেল পড়ে থাকতে দেখেন স্বজনরা।
এরপর স্থানীয়রা পুকুরে নেমে তল্লাশি চালিয়ে দুই শিশুকে উদ্ধার করেন। দ্রুত তাদের শ্রীনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক কান্তা দাস দুজনকেই মৃত ঘোষণা করেন।
চিকিৎসক কান্তা দাস দুই শিশুর মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।
একই পরিবারের দুই শিশুর একসঙ্গে এমন করুণ মৃত্যুতে কাঠালবাড়ি গ্রামজুড়ে শোকের পরিবেশ সৃষ্টি হয়েছে।



