আগামী সপ্তাহের শেষ দিকে যুক্তরাষ্ট্রের ২৫টি শীর্ষ শিল্প ও ব্যবসাপ্রতিষ্ঠানের প্রায় ৪৫ জন শীর্ষ নির্বাহী ও ব্যবসায়িক নেতা বাংলাদেশ সফরে ঢাকায় আসছেন। সম্ভাব্য বিনিয়োগ, বাণিজ্য সম্প্রসারণ এবং অর্থনৈতিক সহযোগিতার নতুন সুযোগ নিয়ে তারা সরকারের বিভিন্ন মন্ত্রণালয় ও সংস্থার কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করবেন। সফরকালে প্রধানমন্ত্রীর সঙ্গেও তাদের সাক্ষাতের সম্ভাবনা রয়েছে।
শনিবার (১ আগস্ট) বিকেলে রাজধানীর তেজগাঁওয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ে আয়োজিত এক ব্রিফিংয়ে এসব তথ্য জানান প্রধানমন্ত্রীর কার্যালয়ের মুখপাত্র মাহ্দী আমিন।
এর আগে সকালে প্রধানমন্ত্রীর কার্যালয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন যুক্তরাষ্ট্রের দক্ষিণ ও মধ্য এশিয়াবিষয়ক বিশেষ দূত সার্জিও গোর। বৈঠকে বাংলাদেশে মার্কিন বিনিয়োগ বৃদ্ধি, দ্বিপক্ষীয় বাণিজ্য সম্প্রসারণ এবং দুই দেশের অর্থনৈতিক সহযোগিতা আরও জোরদারের বিষয়ে বিস্তারিত আলোচনা হয়।
ব্রিফিংয়ে মাহ্দী আমিন বলেন, বাংলাদেশের বর্তমান নেতৃত্বের প্রতি যুক্তরাষ্ট্র আস্থা প্রকাশ করেছে এবং দেশের স্থিতিশীলতা ও গণতান্ত্রিক অগ্রগতির প্রশংসা করেছে। একই সঙ্গে বিনিয়োগ বৃদ্ধি, কর্মসংস্থান সৃষ্টি এবং নীতিগত সহযোগিতা জোরদারের বিষয়েও দুই পক্ষের মধ্যে ইতিবাচক আলোচনা হয়েছে।
তিনি আরও জানান, যুক্তরাষ্ট্রের এই উচ্চপর্যায়ের ব্যবসায়ী প্রতিনিধিদলের সফরকে বাংলাদেশে বিদেশি বিনিয়োগ আকর্ষণের ক্ষেত্রে একটি গুরুত্বপূর্ণ মাইলফলক হিসেবে দেখা হচ্ছে। সফরকালে প্রতিনিধিরা উৎপাদন, জ্বালানি, প্রযুক্তি, অবকাঠামোসহ বিভিন্ন খাতের সম্ভাবনা পর্যালোচনা করবেন এবং সংশ্লিষ্ট সরকারি কর্মকর্তাদের সঙ্গে ধারাবাহিক বৈঠক করবেন।
মাহ্দী আমিন বলেন, বিদেশি বিনিয়োগকারীদের জন্য বাংলাদেশ একটি উন্মুক্ত ও সম্ভাবনাময় গন্তব্য। যুক্তরাষ্ট্রের সঙ্গে দীর্ঘদিনের সম্পর্ককে আরও শক্তিশালী করে বাণিজ্য, বিনিয়োগ ও কর্মসংস্থানের নতুন সুযোগ সৃষ্টি করাই সরকারের অন্যতম লক্ষ্য।
ব্রিফিংয়ে প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন, উপ-প্রেস সচিব জাহিদুল ইসলাম রনি এবং সহকারী প্রেস সচিব নাজমুল হক উপস্থিত ছিলেন।



