ঢাকা, মুন্সিগঞ্জ, টাঙ্গাইল ও গোপালগঞ্জে বুধবার (১২ নভেম্বর) গভীর রাত থেকে বৃহস্পতিবার (১৩ নভেম্বর) ভোর পর্যন্ত অন্তত পাঁচটি যানবাহনে অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। তবে এসব ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।
ফায়ার সার্ভিসের নিয়ন্ত্রণ কক্ষের কর্তব্যরত কর্মকর্তা রোজিনা আক্তার বৃহস্পতিবার সকালে এ তথ্য নিশ্চিত করেছেন।
ফায়ার সার্ভিসের তথ্যানুসারে, বুধবার রাত ১২টা ১০ মিনিটের দিকে রাজধানীর পল্লবীর সাগুপ্তা সড়কে পার্কিং করা অবস্থায় ট্রাস্ট ট্রান্সপোর্ট সার্ভিস নামের একটি বাসে আগুন দেওয়া হয়। ফায়ার সার্ভিসের দুটি ইউনিট প্রায় ২০ মিনিটের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনলেও তার আগেই বাসটি সম্পূর্ণ পুড়ে যায়।
রাত পৌনে ৩টার দিকে রাজধানীর কমলাপুর রেলস্টেশনের সামনে থেমে থাকা একটি লেগুনা (হিউম্যান হলার) তে আগুন দেওয়া হয়। পরে ফায়ার সার্ভিসের একাধিক ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে। একই সময়ের কাছাকাছি, রাত আড়াইটার দিকে টাঙ্গাইলের রাওয়াইল এলাকায় থেমে থাকা একটি বাসে আগুন ধরিয়ে দেওয়া হয়। বাসটিতে কেউ ছিল না।
রাত সাড়ে ৩টার পর মুন্সিগঞ্জের গজারিয়ায় একটি পেপার মিলের সামনে পার্কিং করা একটি ট্রাকে আগুন দেওয়া হয়। খবর পেয়ে ফায়ার সার্ভিস ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।
এ ছাড়া বৃহস্পতিবার ভোর পৌনে ৫টার দিকে গোপালগঞ্জে গণপূর্ত কার্যালয়ের সামনে থেমে থাকা একটি পিকআপভ্যানে আগুন দেওয়া হয়। ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছার আগেই ভ্যানটি সম্পূর্ণ পুড়ে যায়।
সম্প্রতি কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের ঘোষিত ১৩ নভেম্বরের ‘ঢাকা লকডাউন’ কর্মসূচিকে কেন্দ্র করে দেশের বিভিন্ন স্থানে একাধিক অগ্নিসংযোগের ঘটনা ঘটছে।



