রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে ভয়াবহ ভূকম্পন অনুভূত হয়েছে। শুক্রবার (২১ নভেম্বর) সকাল ১০টা ৩৯ মিনিটে এ কম্পন অনুভূত হয়। রিখটার স্কেলে ভূমিকম্পটির মাত্রা ছিল ৫.৫। এর কেন্দ্রস্থল ছিল নরসিংদীর ঘোড়াশাল থেকে প্রায় ৭ কিলোমিটার দূরে। বাংলাদেশ ছাড়াও ভারতের বিভিন্ন এলাকাতেও কম্পন অনুভূত হয়। ভূমিকম্পের পর থেকেই সাধারণ মানুষের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে।
ঢাকার বাসিন্দারা জানান, হঠাৎ করে ঘর কেঁপে ওঠায় অনেকে বিছানা ও চেয়ার থেকে পড়ে যান। টেবিলের বই-খাতাপত্র মেঝেতে পড়ে যায়। অনেকেই দৌড়ে নিচে নেমে আসেন। বাসার আশপাশের সবাই আতঙ্কে বাইরে ছুটে আসেন।
মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থা (ইউএসজিএস) জানায়, ভূমিকম্পটির তীব্রতা ছিল ৫.৫ এবং কেন্দ্রস্থল নরসিংদী এলাকায়। ঢাকাসহ বিভিন্ন স্থানে কয়েক সেকেন্ডের এই কম্পনে মানুষ আতঙ্কে ঘর থেকে বাইরে বেরিয়ে আসে। পার্শ্ববর্তী ভারতের পশ্চিমবঙ্গের কলকাতাসহ আশপাশের এলাকাতেও ভূমিকম্প অনুভূত হয়েছে বলে জানিয়েছে এনডিটিভি।
তাৎক্ষণিকভাবে কোনো ক্ষয়ক্ষতি বা হতাহতের খবর পাওয়া যায়নি।



