রাজধানীর ক্রমবর্ধমান যানজট নিরসনে প্রধানমন্ত্রীর সঙ্গে দীর্ঘ বৈঠকের পর তাৎক্ষণিক ও সমন্বিত পদক্ষেপের ইঙ্গিত দিয়েছেন ঢাকার দুই সিটি করপোরেশনের প্রশাসক।
বৈঠক শেষে দুই প্রশাসক সাংবাদিকদের জানিয়েছেন, নির্ধারিত সময়সীমা অর্থাৎ আগামী এক মাসের মধ্যে ধাপে ধাপে পরিকল্পনা বাস্তবায়নের মাধ্যমে ঢাকার যানজট পরিস্থিতির দৃশ্যমান উন্নতি নিয়ে আসার চেষ্টা করা হবে। প্রধানমন্ত্রী তেমন নির্দেশনাই দিয়েছেন।
মঙ্গলবার (২৪ মার্চ) সচিবালয়ে অনুষ্ঠিত ‘ঢাকা শহরের যানজট নিরসন ও ট্রাফিক ব্যবস্থাপনা আধুনিকায়ন’ বিষয়ক এক বৈঠকে এসব বিষয়ে আলোচনা হয়।
বৈঠকে ট্রাফিক ব্যবস্থাপনা আধুনিকায়ন, অটোরিকশা নিয়ন্ত্রণ, ফুটপাত দখলমুক্ত করা এবং স্থানীয় প্রযুক্তি ব্যবহারের মাধ্যমে দ্রুত সমাধানের বিষয়গুলো আলোচনায় গুরুত্ব পায়।সভা শেষে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) প্রশাসক আবদুস সালাম সাংবাদিকদের বলেন, স্বল্পমেয়াদি এবং পরবর্তী পর্যায়ে সময় নিয়ে কোন কাজগুলো করতে হবে, সভায় সেসব বিষয়ে আলোচনা হয়েছে। তার ভিত্তিতেই সিটি করপোরেশনের পক্ষ থেকে যতটুকু সম্ভব পুলিশের সঙ্গে সমন্বয় করে আমরা সেগুলো করার চেষ্টা করবো।



