রাজধানীর ডেমরায় রাস্তা পার হওয়ার সময় মোটরসাইকেলের ধাক্কায় জালিমুন নেসা (৭৮) নামে এক নারী নিহত হয়েছেন।
রবিবার (০৩ মে) রাতে ঘটনাটি ঘটে।
জালিমুন নেসার ছেলে সোরহাব জানিয়েছেন, তার মা ডেমরায় বড় ভাই ফরহাদের বাসায় থাকেন। ওই এলাকায় এক প্রতিবেশী নারী মারা গেছেন শুনে তিনি সেখানে দেখতে গিয়েছিলেন।সেখানে মরদেহ দেখে ফেরার পথে রাস্তা পার হওয়ার সময় দ্রুতগতির একটি মোটরসাইকেল মায়ের ওপর তুলে দেয়। এতে তিনি ছিটকে পড়ে গুরুতর আহত হন। মোটরসাইকেল ফেলে অল্প বয়সী দুই কিশোর পালিয়ে যায়। পরে সংবাদ পেয়ে সেখান থেকে তাকে উদ্ধার করে স্থানীয় হাসপাতাল হয়ে রাত দেড়টায় ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিলে সেখানকার চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।



