গুম, নির্যাতন ও বৈষম্যবিরোধী আন্দোলন সংক্রান্ত তিনটি মামলায় অভিযুক্ত ১৫ সেনা কর্মকর্তাকে ঢাকা কেন্দ্রীয় কারাগার থেকে ঢাকা সেনানিবাসের সাবজেলে স্থানান্তর করা হয়েছে।
বুধবার (২২ অক্টোবর) সকালে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১ এই ১৫ জনকে কারাগারে পাঠানোর নির্দেশ দেয়। পরে কারা মহাপরিদর্শক ব্রিগেডিয়ার জেনারেল সৈয়দ মো. মোতাহের হোসেন জানান, আসামিদের সেনানিবাসে কারা অধিদফতরের অধীন স্থাপিত সাবজেলে রাখা হয়েছে।
সকাল ৭টার পর শীতাতপ নিয়ন্ত্রিত (এসি) প্রিজন ভ্যানে করে আসামিদের ট্রাইব্যুনালে হাজির করা হয়।
এর আগে, গত ১২ অক্টোবর স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের এক প্রজ্ঞাপনে সেনানিবাসের বাশার রোডসংলগ্ন ‘এম ই এস বিল্ডিং নম্বর-৫৪’–কে সাময়িক কারাগার হিসেবে ঘোষণা করা হয়, যা ১৪ অক্টোবর প্রকাশ্যে আসে।
১১ অক্টোবর সেনাবাহিনীর এক সংবাদ সম্মেলনে জানানো হয়, অভিযুক্তদের সেনা হেফাজতে নেওয়া হয়েছে। তাদের মধ্যে একজন, কর্নেল আনোয়ার লতিফ খান, অবসর-প্রস্তুতিমূলক ছুটিতে (এলপিআর) রয়েছেন।
কারাগারে পাঠানো ১৫ সেনা কর্মকর্তা হলেন: মেজর জেনারেল শেখ মো. সরওয়ার হোসেন, ব্রিগেডিয়ার জেনারেল মো. জাহাঙ্গীর আলম, ব্রিগেডিয়ার জেনারেল তোফায়েল মোস্তফা সারোয়ার, ব্রিগেডিয়ার জেনারেল মো. কামরুল হাসান, ব্রিগেডিয়ার জেনারেল মো. মাহাবুব আলম,ব্রিগেডিয়ার জেনারেল মো. মাহবুবুর রহমান সিদ্দিকী, ব্রিগেডিয়ার জেনারেল আহমেদ তানভির মাজাহার সিদ্দিকী, ব্রিগেডিয়ার কে এম আজাদ, কর্নেল আবদুল্লাহ আল মোমেন,কর্নেল আনোয়ার লতিফ খান (এলপিআরে), লেফটেন্যান্ট কর্নেল মো. মশিউর রহমান, লেফটেন্যান্ট কর্নেল সাইফুল ইসলাম সুমন, লেফটেন্যান্ট কর্নেল মো. সারওয়ার বিন কাশেম, লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ রেদোয়ানুল ইসলাম, মেজর মো. রাফাত-বিন-আলম



