দেশের বিভিন্ন টেলিভিশন চ্যানেলের প্রধান নির্বাহী ও জ্যেষ্ঠ সাংবাদিকদের সঙ্গে বৈঠক করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ও বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান।
বুধবার (২ সেপ্টেম্বর) রাজধানীর মিন্টো রোডে বিরোধীদলীয় নেতার বাসভবনে বেলা সাড়ে ১১টার দিকে এ বৈঠক শুরু হয়।
বিরোধীদলীয় নেতার সভাপতিত্বে অনুষ্ঠিত বৈঠকে দেশের প্রথম সারির বিভিন্ন টেলিভিশন চ্যানেলের প্রধান নির্বাহী, ঊর্ধ্বতন কর্মকর্তা ও জ্যেষ্ঠ সাংবাদিকরা অংশ নেন। বৈঠকে জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নেতারাও উপস্থিত ছিলেন।
বৈঠকের আগে জামায়াত নেতারা জানান, দেশের জ্যেষ্ঠ সাংবাদিকদের কাছ থেকে গণমাধ্যম ও রাষ্ট্র পরিচালনাসহ বিভিন্ন বিষয়ে দিকনির্দেশনামূলক মতামত নিতে এ আয়োজন করা হয়েছে।
তারা বলেন, নতুন বাংলাদেশ বিনির্মাণে গণমাধ্যমের প্রত্যাশা কী এবং বিরোধী দলের কাছে তাদের কী ধরনের ভূমিকা প্রত্যাশিত—বৈঠকে সে বিষয়েও মতামত নেওয়া হবে।
জামায়াত নেতারা আরও জানান, দেশের বর্তমান পরিস্থিতি, গণমাধ্যমের ভূমিকা এবং ভবিষ্যৎ বাংলাদেশ নিয়ে সাংবাদিকদের অভিজ্ঞতা ও পরামর্শকে গুরুত্ব দেওয়া হবে।



