দেশজুড়ে কয়েকদিন ধরে চলমান বৃষ্টিপাতের প্রবণতা আগামী আরও দুই দিন অব্যাহত থাকতে পারে। তবে মঙ্গলবার (১৪ জুলাই) থেকে বৃষ্টির তীব্রতা ধীরে ধীরে কমে আসার সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর।
শনিবার (১১ জুলাই) প্রকাশিত আবহাওয়ার পূর্বাভাসে এ তথ্য জানানো হয়।
শনিবার সকাল থেকেই রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন এলাকায় থেমে থেমে বৃষ্টি হচ্ছে। টানা কয়েকদিনের বর্ষণে জনজীবনে দুর্ভোগ বেড়েছে। বিশেষ করে অফিসগামী মানুষ এবং নিম্নআয়ের কর্মজীবীদের চলাচল ও জীবিকায় এর প্রভাব পড়েছে।
আবহাওয়াবিদ এ কে এম নাজমুল হক জানান, গত তিন থেকে পাঁচ দিনে সবচেয়ে বেশি বৃষ্টিপাত হয়েছে চট্টগ্রাম ও সিলেট বিভাগে। তবে গত ২৪ ঘণ্টায় ওই অঞ্চলে বৃষ্টির তীব্রতা কিছুটা কমেছে।
তিনি বলেন, আগামী ২৪ ঘণ্টায় রংপুর, রাজশাহী, ময়মনসিংহ ও সিলেট বিভাগে তুলনামূলক বেশি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। তবে সার্বিকভাবে বৃষ্টির প্রবণতা ধীরে ধীরে কমতে শুরু করবে।
তার ভাষ্য, রোববার (১২ জুলাই) ও সোমবার (১৩ জুলাই) দেশের বিভিন্ন স্থানে বৃষ্টিপাত অব্যাহত থাকতে পারে। তবে মঙ্গলবার (১৪ জুলাই) থেকে বৃষ্টির পরিমাণ উল্লেখযোগ্যভাবে কমে আসতে পারে।
আবহাওয়া অধিদপ্তরের ২৪ ঘণ্টার পূর্বাভাসে বলা হয়েছে, রংপুর, রাজশাহী, ময়মনসিংহ ও সিলেট বিভাগের অনেক জায়গায় এবং ঢাকা, খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের কিছু কিছু স্থানে অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে।
এ ছাড়া চট্টগ্রাম বিভাগের কোথাও কোথাও ভারী থেকে অতি ভারী বর্ষণের সম্ভাবনা রয়েছে বলে সতর্ক করেছে আবহাওয়া অধিদপ্তর।



