রাজধানীর মহাখালীর টিভি গেট এলাকায় এক নারীকে কেন্দ্র করে সংঘর্ষের ঘটনায় ছুরিকাঘাতে গুরুতর আহত বাংলাদেশ রেলওয়ের এক কর্মকর্তার মৃত্যু হয়েছে। এ ঘটনায় অভিযুক্ত এক নারীকে হেফাজতে নিয়েছে পুলিশ।
নিহত মামুন (৩০) বাংলাদেশ রেলওয়ের সেকেন্ড ক্লাস কর্মকর্তা ছিলেন। তার বাড়ি ময়মনসিংহের ঈশ্বরগঞ্জ উপজেলার মালিয়াটি গ্রামে। তিনি বাবুল আহমেদের ছেলে।
পুলিশ ও হাসপাতাল সূত্রে জানা যায়, শনিবার (১১ জুলাই) দুপুর প্রায় ১টার দিকে মামুন মহাখালীর টিভি গেট এলাকার ৮ নম্বর একটি বাসায় পরিচিত এক নারীর সঙ্গে দেখা করতে যান। এ সময় তাদের মধ্যে কথাকাটাকাটির একপর্যায়ে ওই নারী ধারালো অস্ত্র দিয়ে মামুনকে আঘাত করেন। অভিযোগ রয়েছে, হামলার সময় তার গোপনাঙ্গও গুরুতরভাবে ক্ষতিগ্রস্ত করা হয়।
গুরুতর আহত অবস্থায় বিকেল ৫টার দিকে তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নেওয়া হয়। জরুরি বিভাগে চিকিৎসাধীন অবস্থায় সন্ধ্যা ৭টার দিকে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
ঢামেক হাসপাতাল পুলিশ ফাঁড়ির ইনচার্জ মো. ফারুক জানান, মরদেহ ময়নাতদন্তের জন্য হাসপাতালের মর্গে রাখা হয়েছে।
পুলিশ জানিয়েছে, ঘটনার পর অভিযুক্ত নারীকে হেফাজতে নেওয়া হয়েছে। প্রাথমিকভাবে এটি ব্যক্তিগত সম্পর্কজনিত বিরোধের জেরে ঘটেছে বলে ধারণা করা হলেও ঘটনার প্রকৃত কারণ ও বিস্তারিত পরিস্থিতি তদন্ত করে দেখা হচ্ছে।



