tanaka

জলবায়ু অর্থায়নের প্রতিশ্রুতি পূরণে উন্নত দেশগুলোকে আহ্বান পররাষ্ট্র প্রতিমন্ত্রীর

জলবায়ু পরিবর্তনের ঝুঁকি মোকাবিলায় উন্নত দেশগুলোকে অর্থায়নের প্রতিশ্রুতি পূরণ, ক্ষতিগ্রস্ত দেশগুলোর জন্য তহবিল পাওয়ার প্রক্রিয়া সহজ করা এবং প্রযুক্তি হস্তান্তরে এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন...
প্রচ্ছদখেলাটানা পাঁচ ম্যাচ পর জয়ের মুখ দেখল বাংলাদেশ

টানা পাঁচ ম্যাচ পর জয়ের মুখ দেখল বাংলাদেশ

দীর্ঘ পাঁচ ম্যাচের হার-যন্ত্রণা কাটিয়ে অবশেষে জয়ের স্বাদ পেল বাংলাদেশ নারী ক্রিকেট দল। স্কটল্যান্ডে চলমান ত্রিদেশীয় টি-টোয়েন্টি সিরিজে স্বাগতিকদের ৩৪ রানে হারিয়ে আত্মবিশ্বাস ফিরে পেয়েছে নিগার সুলতানা জ্যোতির দল।

এর আগে জানুয়ারি-ফেব্রুয়ারিতে নেপালে অনুষ্ঠিত টি-টোয়েন্টি বিশ্বকাপ বাছাইপর্বে টানা সাত ম্যাচ জিতে মূলপর্ব নিশ্চিত করেছিল বাংলাদেশ। তবে এরপর থেকেই ছন্দপতন ঘটে। সিলেটে শ্রীলঙ্কার কাছে ৩-০ ব্যবধানে সিরিজ হারার পর স্কটল্যান্ডে ত্রিদেশীয় সিরিজের প্রথম দুই ম্যাচেও যথাক্রমে স্কটল্যান্ড ও নেদারল্যান্ডসের কাছে পরাজিত হয় জ্যোতিরা। অবশেষে তৃতীয় ম্যাচে এসে সেই হার-ধারা থামাল বাংলাদেশ।

মঙ্গলবার এডিনবার্গে টস জিতে আগে ব্যাটিং করে বাংলাদেশ ২০ ওভারে ৬ উইকেট হারিয়ে ১৫২ রান সংগ্রহ করে। অধিনায়ক নিগার সুলতানা জ্যোতি ৪৭ বলে ৫৮ রানের দারুণ ইনিংস খেলেন। তার ইনিংসে ছিল ৬টি চার ও ১টি ছক্কা। এছাড়া সোবহানা মোস্তারি করেন ৩৯ রান। স্কটল্যান্ডের হয়ে ক্যাথরিন ব্রাইস ও মেইসি ম্যাকেইরা দুটি করে উইকেট নেন।

জয়ের জন্য ১৫৩ রানের লক্ষ্য নিয়ে খেলতে নেমে শুরু থেকেই বাংলাদেশের নিয়ন্ত্রিত বোলিংয়ের সামনে চাপে পড়ে স্কটল্যান্ড। নিয়মিত বিরতিতে উইকেট হারিয়ে ১৯ ওভারে ১১৮ রানে অলআউট হয়ে যায় স্বাগতিকরা। এক পর্যায়ে তাদের সংগ্রহ ছিল ১৫.২ ওভারে ৬ উইকেটে ৯৩ রান। শেষ চার উইকেট হারায় মাত্র ৬ রানের ব্যবধানে।

স্কটল্যান্ডের পক্ষে সারাহ ব্রাইস সর্বোচ্চ ৪০ রান করেন। এছাড়া আলিসা লিস্টারের সঙ্গে তার ৩৮ রানের জুটিই ছিল দলের ইনিংসে সর্বোচ্চ পার্টনারশিপ।

বাংলাদেশের হয়ে দুর্দান্ত বোলিং করেন রিতু মণি। মাত্র ২ ওভারে ১২ রান খরচায় ৪ উইকেট শিকার করেন এই পেস বোলিং অলরাউন্ডার। মারুফা আক্তার ও সানজিদা আক্তার মেঘলা নেন দুটি করে উইকেট। রাবেয়া খান ও সোবহানা মোস্তারি পান একটি করে উইকেট।

অধিনায়কোচিত ব্যাটিংয়ে দলের জয়ে গুরুত্বপূর্ণ অবদান রাখায় ম্যাচসেরার পুরস্কার জিতেছেন নিগার সুলতানা জ্যোতি।

আগামী জুন-জুলাইয়ে ইংল্যান্ডে অনুষ্ঠিত হবে ২০২৬ নারী টি-টোয়েন্টি বিশ্বকাপ। সেই আসরকে সামনে রেখে স্কটল্যান্ডের এই ত্রিদেশীয় সিরিজকে প্রস্তুতির অংশ হিসেবে দেখছে বাংলাদেশ। সিরিজে নিজেদের শেষ ম্যাচে পরশু নেদারল্যান্ডসের মুখোমুখি হবে জ্যোতির দল।

বিশ্বকাপের ‘গ্রুপ-১’-এ থাকা বাংলাদেশ গ্রুপপর্বে ভারত, পাকিস্তান, নেদারল্যান্ডস, দক্ষিণ আফ্রিকা ও ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে খেলবে।